২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর নিরাপত্তায় শুরু হচ্ছে ইউএনডিপি-এনএইচআরসি-সিআরআইয়ের যৌথ ক্যাম্পেইন

'পাবলিক প্লেসে নারীর নিরাপত্তা' বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন শুরু করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 01:45 AM

Updated : 18 Aug 2022, 03:54 PM

আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সঙ্গে যৌথ উদ্যোগে তারা এ প্রচার শুরু করতে যাচ্ছে।

সিআরআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সন্ধ্যায় অনলাইনে এই ক্যাম্পেইনের উদ্বোধন হবে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা, নারী শিক্ষা ও সমঅধিকার নিশ্চিতকরণসহ নারী ক্ষমতায়নের বিষয়ে দেশব্যাপী ব্যাপক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিআরআই।

ইউএনডিপি ও এনএইচআরসি'র সঙ্গে সম্মিলিতভাবে ইয়াং বাংলার এই ক্যাম্পেইনের উদ্বোধনীতে যুক্ত থাকবেন সিআরআইর ট্রাস্টি ও কো-চেয়ারম্যান এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত সায়মা ওয়াজেদ হোসেন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

অংশ নেবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জুয়েনা আজিজ এবং আইজিপি বেনজির আহমেদসহ ইয়াং বাংলা ও ইউএনডিপির তরুণ প্রতিনিধিরা।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই নারী ক্ষমতায়ন ও নারীর প্রতি সহিংসতা রোধে বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়াং বাংলা ও তার সংশ্লিষ্ট সংগঠনগুলো। 

নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে ইয়াং বাংলা। চলতি বছরের মার্চ মাসে ইউএনডিপি'র মানবাধিকার প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরের মাধ্যমে নারীর নিরাপত্তা ও নারী ক্ষমতায়নে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করেছে তরুণদের সংগঠনটি। যার অংশ হিসেবে পরিচালনা করা হচ্ছে এই ক্যাম্পেইন।

নারীর ওপর নির্যাতন, যৌন নির্যাতন এবং হয়রানি বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানায় ইয়াং বাংলা।