২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর-মামুনদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবরোধ

ঢাবি শিক্ষার্থীর করা ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাসান আল মামুনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2020, 07:31 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

পুরনো খবর:

ধর্ষণের অভিযোগকারী ঢাবির শিক্ষার্থী অনশনে অসুস্থ

শনিবার বিকাল ৪টায় মঞ্চের একদল নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ করে দেয়। তিন ঘণ্টা পর তারা সড়ক ছাড়লে গাড়ি চলাচল পুনরায় শুরু হলেও শেরাটন মোট, বাংলা মটর, পরীবাগ, হাতিরপুল এলাকায় ব্যাপক যানজট রয়েছে।

সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা হাসান আল মামুন এবং নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আর এর সহযোগী হিসেবে আসামি করা হয়েছে নুরসহ বাকি তিনজনকে।

তাদের গ্রেপ্তারের দাবিতে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অনশন চালিয়ে যাওয়ার মধ্যে শনিবার বিকালে শাহবাগে অবস্থান নেয় মুক্তিযুদ্ধ মঞ্চ।

শাহবাগে এসে মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “যতক্ষণ না নুরুল গংদের গ্রেপ্তার করা হবে অথবা গ্রেপ্তারের আশ্বাস না দেওয়া হয়ে, ততক্ষণ আমরা এই শাহবাগ মোড় ছাড়ব না।”

২৪ ঘণ্টার মধ্যে নুরদের গ্রেপ্তারসহ চারটি দাবি জানিয়েছে তারা। এর মধ্যে রয়েছে- সারাদশে ধর্ষণের বিচার, নিজ সংগঠনের সদস্যকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রফ্রন্ট নেতার বিচার, সিপিবির এক নেত্রীকে যৌন হয়রানির অভিযোগে দলটির এক নেতার বিচার; ছাত্র অধিকার পরিষদকে নিষিদ্ধ করা, শাহবাগে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী অবমাননাকারীদের শাস্তি দেওয়া।

সারাদেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে শুক্রবার শাহবাগে এক সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগসহ ৯টি দাবি জানানো হয়েছিল বাম ছাত্র সংগঠনগুলোর সমাবেশ থেকে।

তার প্রতিক্রিয়ায় শনিবার মুক্তিযুদ্ধ মঞ্চের অবস্থানে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আন্দোলনের নামে শাহবাগে বামাতি-জামাতি মৌলবাদী অপশক্তি কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে। অত্যন্ত কুরুচিপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে। মুজিব কোট ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো হয়েছে।”

নূরদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আল মামুন বলেন, “আসামি নুরুল হক নুর গংরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ধর্ষিত মেয়েটির চরিত্র হনন করে অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখালেখি করে যাচ্ছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

“আসামিদের এরকম ঘৃণ্য কর্মকাণ্ডের কারণে মেয়েটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে ইতিমধ্যে সে সংবাদ সম্মেলন করে আত্মহত্যার হুমকি দিয়েছে এবং ধর্ষণের বিচার পাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে বসে অনশন কর্মসূচি পালন করছে, যা রাষ্ট্রের জন্য খারাপ বার্তা বয়ে আনছে।”

টানা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সন্ধ্যা ৭টায় শাহবাগ ছাড়ার সময় বুলবুল বলেন, “জনদুর্ভোগের কথা চিন্তা করে আপাতত আমরা শাহবাগ মোড় ত্যাগ করছি।

“তবে ২৪ ঘণ্টার মধ্যে নুরু গংদের গ্রেপ্তার এবং আমাদের চার দফা দাবির বিষয়ে সরকারের আশ্বাস না পেলে আবারও আমরা শাহবাগ অবরোধ করব।”