ট্রাম্পের মতোই চিকিৎসা পাচ্ছে বাংলাদেশের মানুষ: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর যে চিকিৎসা পেয়েছেন, বাংলাদেশের মানুষও সেই চিকিৎসা পাচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
“রোগীদের চিকিৎসায় রেমডিসিভির দেওয়া হচ্ছে। যে ট্রিটমেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে, আমাদের এখানেও একই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আমি ডাক্তারদের ধন্যবাদ জানাই যে তারা আধুনিক ট্রিটমেন্ট বাংলাদেশে দিয়েছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সারা দেশের উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ৫০টি হাসপাতালকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও স্মারক দেওয়া হয় অনুষ্ঠানে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ অনেক ব্যবস্থা নিয়েছে। জেলা পর্যায়ে কমিটি, আইসোলেশন, নমুনা পরীক্ষাগার বাড়ানো, হাসপাতালের বেড বাড়ানো হয়েছে। গত ৭ মাসে টেলিমেডিসিনের মাধ্যমে প্রায় ৪০ লাখ মানুষকে সেবা দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কারণে বাংলাদেশে সংক্রমণ, মৃত্যুর হার ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)
“হাসপাতালের সব সেবা খোলা ছিল। হাসপাতাল, ক্লিনিক, মন্ত্রণালয় সব সব বিভাগ ঝুঁকি নিয়ে কাজ করে গেছে। এ কারণেই অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে কোভিড পরিস্থিতি অনেক ভালো আছে। আমাদের এই কাজের স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
নতুন করোনাভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণের ঢেউ মোকাবেলায়ও বাংলাদেশ প্রস্তুত বলে দাবি করেন জাহিদ মালেক।
“বাংলাদেশের মানুষ ঢেউ দেখে ভয় পায় না। আমাদের মানুষ পদ্মা মেঘনা যমুনা আর বঙ্গোপসাগরের ঢেউ দেখে অভ্যস্ত। কোনো ঢেউকে এ দেশের মানুষ ভয় পায় না। সেকেন্ড ওয়েভ আসুক আর যত ওয়েভই আসুক।”
করোনাভাইরাসের টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের টিকা বিভিন্ন পর্যায়ে আছে। তাদের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। যে টিকা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে সেটাই আনা হবে।
“করোনার টিকা পাওয়ার জন্য টাকার অভাব নেই। যে টিকা আগে আসবে, যে টিকা সহজলভ্য তা বাংলাদেশ সংগ্রহ করবে।”
