৪ শিশুকে ধর্ষণের দায় স্বীকার এক ব্যক্তির
ঢাকার খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগ আদালতের কাছে স্বীকার করেছেন এক ব্যক্তি।
সজল মোল্লা (৫৫) নামে ওই রিকশাচালক বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম কনক বড়ুয়ার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই তানভীর হোসেন ভূঁইয়া আসামিকে আদালতে হাজির করে জানান, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি।
এরপর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সজলের জবানবন্দি রেকর্ডের পর তাকে কারাগারে পাঠানো হয়।
খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় টিনশেড বাড়িতে ওই চার শিশুর পরিবার বসবাস করে। পাশাপাশি আরেক বাড়িতে থাকে রিকশাচালক সজল মোল্লা।
স্ত্রী বাসায় না থাকার সুযোগে সজল শিশুদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার বুধবার রাতে মামলা দায়ের করে। মামলা দায়েরের পরই রাতে সজল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।
