ঢাবি ছাত্রীর ধর্ষণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের এক সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দিয়েছে আদালত।
বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন লালবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার আগামী ২৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন দিন রাখেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ওই ছাত্রী গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি দায়ের করেন। এজাহারে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়।
মামলার অপর আসামিরা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও সাইফুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আব্দুল্লাহিল বাকি।
মামলার বাদী গত ৪ অক্টোবর নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তারের জন্য আদালতে আবেদন করেন। যেহেতু মামলাটি দায়েরর সঙ্গে সঙ্গেই আসামিদের গ্রেপ্তারের বিধান রয়েছে এবং এটা জামিন অযোগ্য ধারার মামলা সে কারণে নতুন করে গ্রেপ্তারের আবেদন করার দরকার নেই বলে বিচারক (মহানগর হাকিম) আবেদনটি নথিতে রাখার আদেশ দেন।
