২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্ম ও মৃত্যু নিবন্ধন: মানুষকে সচেতন করার তাগিদ

রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে প্রয়োজনীয় লোকবল বাড়িয়ে এবং জনগণকে সচেতন করার মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 10:27 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

তিনি বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের সংখ্যানুপাতিক সুযোগ-সুবিধা বরাদ্দ এবং সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়টি জরুরি।

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়। এ উপলক্ষে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এই সভার আয়োজন করে।

শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হলেও অভিভাবকদের এ বিষয়ে সচেতন করা সম্ভব হয়নি বলে এ ক্ষেত্রে আশানুরূপ সফলতা আসছে না বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, “আমরা তাদেরকে সেইভাবে জাগাইতে পারিনি, সচেতন করতে পারিনি যে, দেশের ভবিষৎ পরিকল্পনা গ্রহণের জন্য এই জন্ম নিবন্ধন খু্বই প্রয়োজন।”

মন্ত্রী বলেন, কোন এলাকায় কত মানুষ বসবাস করে, সেই তথ্যের ওপর ভিত্তি করে সেই এলাকার জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ, ওষুধ, গ্যাস, বিদ্যুৎ, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট নির্মাণসহ অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করতে হয়।

“সে কারণে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন জরুরি। এই জন্য সবাইকে এই বিষয়ে গুরুত্ব দিতে হবে, মানুষকে সচেতন করতে হবে।”

সচেতনতা সৃষ্টির জন্য রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে প্রয়োজনে টেলিভিশনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিতে বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

সেই সঙ্গে প্রয়োজনে লোকবল নিয়োগের পক্ষে মত দিয়ে তিনি বলেন, “আপনি কোটি কোটি টাকা ব্যয় করে অবকাঠামো করবেন, প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়ার সময় বলবেন বেতন দেওয়া সম্ভব হবে না, তাহলে তো উদ্দেশ্য সফল হবে না। সময়মত সব ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারলে তার মধ্যে দিয়ে কাজ আদায় করা সম্ভব হয়।”

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আমাদের দেশে বাল্য বিবাহের একটা প্রবণতা আছে। আবার অনেকে বয়স বাড়িয়ে দেশের বাইরে শ্রমিক হিসেবে যায়। এসব রোধ করতে হলে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করাতে হবে।”

এছাড়া কারো রেখে যাওয়া সম্পত্তি থেকে সঠিক উত্তরাধিকার পেতে মৃত্যু নিবন্ধন যে জরুরি, সে কথাও তিনি বলেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, “জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি জাতির সভ্যতাও প্রমাণ করে। যে জাতির জন্ম ও মৃত্যু নিবন্ধন হয় না, তারা পিছিয়ে পড়া হিসেবে গণ্য হবে।

“আমরা জন্ম ও মৃত্যু নিবন্ধনের জায়গাতে এখনও উন্নতি করতে পারিনি, সেই কথা অস্বীকার করলে হবে না। জাতি হিসেবে আমরা কতটা উন্নতি করেছি সেই জন্য হলেও সঠিক সময়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করা উচিত।”

মন্ত্রী পরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্থার) সচিব মো. কামাল হোসেন বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ নিবন্ধন হয়। এক বছরের মধ্যে হয় ৩৫ থেকে ৪০ শতাংশ।

“আর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন কত, সেটা খুঁজে পাওয়া যায় না, হয়ত শূন্য দশমিক এক শতাংশ হবে।”

তিনি বলেন, “শিশু জন্মের পর পর জন্ম নিবন্ধন করার অর্থ হল- রাষ্ট্রের খাতায় শিশুর নাম ওঠানো। শিশুর জন্ম নিবন্ধন হলে সরকারের ভবিষৎ পরিকল্পনা সঠিকভাবে নেওয়া সম্ভব হবে।”

জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে এ সভায় ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি অফিসের ইনচার্য ভিরা মেনডনকা বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন জন্ম ও মৃত্যু নিবন্ধক অফিসের রেজিস্ট্রার জেনারেল মানিক লাল বণিক।