২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালকুঠি সংস্কারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালকুঠির সংস্কার এর জায়গা দখল করে তৈরি করা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2020, 12:22 AM

Updated : 10 Oct 2022, 07:27 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্দেশনা মোতাবেক সোমবার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে লালকুঠি ভবনের সীমানার আওতাধীন অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুরান ঢাকার ফরাশগঞ্জের এই লালরঙা ভবনটির হারানো ঐতিহ্য পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নের একধাপ অগ্রগতি হল।

মোহাম্মদ মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালকুঠির ঐতিহাসিক গুরুত্ব ফিরিয়ে আনার জন্য এবং সাধারণ মানুষ যাতে দূর থেকে সহজেই এই ভবনটি দেখতে পায় তার জন্য এর চারপাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে।

“মেয়র মহোদয়ের নির্দেশনায় লালকুঠির অংশ নয় এমন স্থাপনাগুলোকে সরিয়ে এটিকে দর্শনীয়ভাবে গড়ে তোলার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়েছে।”

ইতোমধ্যেই উচ্ছেদ অভিযানের আগেই এই এলাকার অস্থায়ী দোকানগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানান তিনি।

ভবনের পেছনের অংশের একটি ছোট খাবার হোটেলের মালিক খোকন মিয়া। উচ্ছেদ অভিযানে তার দোকানটিও ভেঙে ফেলা হয়েছে। দোকান থেকে প্রয়োজনীয় মালামাল সরানোর কাজে ব্যস্তভাবে ছুটাছুটি করতে দেখা যায় তাকে।

খোকন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফরাশগঞ্জ ক্লাবের অধীনেই আমার এই দোকান ছিল। দোকান ভাড়া দেওয়ার সময় বলা হইছিল, যে কোনও সময় ভাইঙ্গা ফেলতে পারে। কিন্তু আজকেই যে ভাঙ্গবে এইটা আমার জানা ছিল না।”

সোমবার সন্ধ্যায় লালকুঠি ভবন তত্ত্বাবধায়নের দায়িত্বে থাকা আরিফুজ্জামান প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালকুঠি ভবনের আশপাশের যেসব স্থাপনা উচ্ছেদ করার পরিকল্পনা ছিল তার সবগুলোর উচ্ছেদ কাজই একটু আগে সমাপ্ত হয়েছে। আপাতত এখানে আর কোনো অবৈধ স্থাপনা নেই। যে মালামালগুলো অবশিষ্ট আছে, সেগুলো নিলামে তোলা হবে, আগামীকাল থেকে এ সমস্ত মালামাল সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরীন, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা আকন্দ মো. ফয়সাল এবং সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ আলী।

ব্রিটিশ রাজের দিনগুলোতে গুণীজনদের আনাগোনায় মুখর থাকত ঢাকার বিনোদন ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাণকেন্দ্র ফরাশগঞ্জের এই লালকুঠি বা নর্থব্রুক হল, যেটি এখন ‘ঝুঁকিপূর্ণ ভবন’ হিসেবে চিহ্নিত; তালাবন্ধ অবস্থায় পড়ে আছে বহু বছর হল।

বুধবার লালকুঠি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস।

ইতোমধ্যেই এ পরিকল্পনার অংশ হিসেবে লালকুঠির দক্ষিণ পাশে অবস্থিত পানির পাম্প এবং লালকুঠি লঞ্চ টার্মিনাল স্থানান্তরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইটিএ) চেয়ারম্যান বরাবর নির্দেশনাপত্র পাঠানো হয়েছে।