২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকার-পথচারীর কথা মাথায় রেখেই দখলমুক্ত হবে ফুটপাত

হকারের পাশাপাশি পথচারীদের কথা মাথায় রেখেই ফুটপাতগুলো দখলমুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2020, 04:54 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

সচিবালয়ে রোববার ‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর’ সুবিধা সম্প্রসারণে কর্মপরিকল্পনা বাস্তবায়নে গঠিত কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, “আমরা পর্যালোচনা করে যেটা যৌক্তিক হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, হকার যিনি তিনি বাংলাদেশের জনগণ, যিনি ফুটপাত ব্যবহার করেন তিনিও বাংলাদেশের জনগণ। উভয় পক্ষের যে সমস্ত সীমাবদ্ধতা আছে সে সমস্ত সীমাবদ্ধতা এবং সুযোগ আছে সেগুলোকে বিবেচনা রেখেই আমরা কাজ আরম্ভ করেছি, আমরা পেপার ওায়ার্ক করেছি, এই সমস্যা দ্রুত সমাধান করব।”

‘আমার গ্রাম আমার শহর: প্রতিটি গ্রামে আধুনিক নগর’ কর্মিপরিকল্পনা প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “আমরা গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, পানি, স্যানিটেশন ইত্যাদির উপর জোর দিয়েছি।

“সারা বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। গ্রামীণ অর্থনীতির এখন অনেক উন্নত। সমস্ত দেশের অর্থনীতির উপর ব্যাপক পরিবর্তন আসবে।”

বর্জ্য ব্যবস্থাপনার জন্য গ্রামে কোনো কিছু নেই জানিয়ে তাজুল বলেন, যত্রতত্র যাতে বর্জ্য না ফেলে, স্যুয়ারেজ সিস্টেম নাই, সেটা কীভাবে করতে পারি…”

ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “সারফেস ওয়াটার ব্যবহার না করলে গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যাচ্ছে। এজন্য আমরা সার্ফেস ওয়াটারের দিকে যাব।

“একটা গ্রামকে চিহ্নিত করার জন্য বলেছি, যে গ্রামটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। আমরা মানুষগুলোর যদি জীবনমানের উন্নতি করতে পারি, রোজগারের ব্যবস্থা করতে পারি, সে যদি মাসে ২০-৩০ হাজার টাকা রোজগার করতে পারে তাহলে জীবন-মান উন্নত হবে। এটার জন্য স্ট্যাডি করা হচ্ছে।”