রহিত হচ্ছে বাংলাদেশ বিমান করপোরেশন আইন
কোম্পানির মাধ্যমে বাংলাদেশ বিমান পরিচালিত হওয়ায় ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ বাতিল করেছে সরকার।
এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ বিমান করপোরেশন (রহিতকরণ) আইন, ২০২০’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, “১৯৭৭ সালের বাংলাদেশ বিমান করপোরেশন অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ বিমান চলত।
“২০১১ সালে বাংলাদেশ বিমানকে কোম্পানিতে রূপান্তর করা হয়েছে। সেজন্য করপোরেশন যে অ্যাক্টটা ছিল সেটার আর কোনো প্রয়োজন নেই। সেটাকে বিলুপ্ত করতে মন্ত্রিসভায় আনা হয়েছে।
“(অধ্যাদেশ) বিলুপ্ত করলেও করপোরেশনের যে কার্যাবলী ছিল তা লিমিটেড কোম্পানির কাছে আসবে। তাদের যদি কোনো লাইবেলিটিও থাকে সেগুলো লিমিটেড কোম্পানির কাছে আসবে।”
বাংলাদেশ বিমান কোম্পানিতে রূপান্তরিত হওয়ায় ওই আইনের আর প্রয়োজন নেই উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখন কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ বিমান পরিচালিত হবে।”
