২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্যাঞ্চলে সড়কের উন্নয়নে ২৫০ কোটি টাকার কাজ চলছে

তিন পার্বত্য জেলায় সড়ক উন্নয়নে ২৫০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ এগিয়ে চলছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2020, 06:18 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

সোমবার তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক সভায় এই তথ্য জানানো হয়।

সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে গৃহীত প্রকল্পটি চারটি প্যাকেজে বাস্তবায়িত হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি দুটি প্যাকেজের দরপত্র অনুমোদন দেওয়া হয়েছে এবং দুটি প্যাকেজের মূল্যায়ন চলছে। অনুমোদনের পর দ্রুত কাজ শুরু করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিচ্ছেন।

সেনাবাহিনীর তত্বাবধানে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সীমান্ত ঘেঁষে প্রায় ৩১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে বলে জানান কাদের।

তিনি বলেন, এর মধ্যে ১০০ কিলোমিটার লিংক রোড এবং ২১৭ কিলোমিটার সীমান্ত বরাবর। এই প্রকল্পের অগ্রগতি শতকরা প্রায় ১৩ ভাগ।

সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নাধীন আলীকদম-জালানীপাড়া-কুরুকপাতা-পোয়ামুহুরী সড়কের কাজের ৭২ শতাংশ শেষ হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জেলাব্যাপী ভঙ্গুর ৪৩টি পিসি গার্ডার ও আরসিসি সেতু এবং ১৩টি বক্স কালভার্ট নির্মাণে ২১৮ কোটি টাকা ব্যয়ে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন,পার্বত্য শান্তিচুক্তির অধিকাংশ শর্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।  অবশিষ্ট শর্তগুলো বাস্তবায়নে শেখ হাসিনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

“দুর্গম পাহাড়ে শান্তির সুবাতাস ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা এখন উন্নয়নের স্বর্ণদুয়ার খুলে দিচ্ছেন। সংকটকে রূপ দিচ্ছেন সম্ভবনায়।”

সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার স্বকীয়তা বজায় রেখেই উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, বলেন কাদের।

পর্যটন সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কক্সবাজার থেকে ইনানী পর্যন্ত ৩২ কিলোমিটার মেরিন ড্রাইভ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

“এছাড়া সমুদ্রসৈকত আরও আকর্ষণীয় করে তুলতে কলাতলী হতে লাবণী পয়েন্ট পর্যন্ত আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ওয়েকওয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

কক্সবাজারের ব্যাপকভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ এখন আমাদের অগ্রাধিকার।”