দক্ষিণ সুদান শান্তি মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার বাংলাদেশের মাঈন উল্লাহ
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেপুটি ফোর্স কমান্ডারের দায়িত্ব পেয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী
দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের শুরু থেকেই বাংলাদেশের একটি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট সেখানে নিয়োজিত।
এছাড়া একটি পদাতিক কন্টিনজেন্টসহ বাংলাদেশের সর্বমোট তিনটি কন্টিনজেন্ট সেখানে দায়িত্ব পালন করছে। সব মিলিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত আছেন ১৬৪৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী।
মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী শিগগিরই তার নতুন দায়িত্বে যোগ দেবেন বলে জানিয়েছে আইএসপিআর।
