২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প সুদে ঋণ পাবেন আইনজীবীরা: আইনমন্ত্রী

বার কাউন্সিলের মাধ্যমে আইনজীবীদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 03:46 PM

করোনাভাইরাস মহামারীর মধ্যে আইনজীবীরা ঠিকমত প্র্যাকটিস করতে না পারায় তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোববার ফরিদপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই তথ্য জানান বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বক্তব্যে শেখ হাসিনার সরকারের সময় বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার করার কথা মনে করিয়ে দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, “অপরাধীদের সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই দেশে সকলকেই আইন মানতে হবে।এর ব্যত্যয় ঘটালে তার বিচার হবে এবং আইনসঙ্গত সাজা হবে। এটা সকলকে মনে রাখতে হবে।

“জনগণ আমাদের উপর তখনই আস্থা রাখবে, যখন তারা সঠিক বিচার পাবে। বিচারক ও আইনজীবীরা বিচার বিভাগকে কার্যকর করার জন্য অত্যন্ত মূল্যবান দুটি অর্গান।

“রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গানের মধ্যে বিচার বিভাগ যেমন একটি, ঠিক তেমনি বিচার বিভাগকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিচারক ও আইনজীবীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ইনস্টিটিউশন। এই দুই ইনস্টিটিউশন মিলে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।”

আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মতই বিচার বিভাগের স্বাধীনতায় ও উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বিচার বিভাগ পৃথকীকরণের কথা থাকলেও সামরিক ও খালেদা জিয়ার সরকার তা বাস্তবায়ন করেনি।”

ফরিদপুরের জেলা জজ মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।