২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চান মোমেন

রোহিঙ্গাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2020, 05:50 PM

Updated : 10 Oct 2022, 07:24 PM

মিয়ানমারের প্রতিনিধির উপস্থিতিতে শনিবার ভার্চুয়াল আয়োজনে ২৭তম আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) তিনি বলেন, “ভাগ্যাহত রোহিঙ্গারা যাতে তাদের নিজ ঘরে নিরাপত্তা, সুরক্ষা ও মর্যাদা নিয়ে ফিরে যেতে পারে সেজন্য আসিয়ান রিজিওনাল ফোরাম বন্ধুদের সহায়তা চাচ্ছি।

“যাতে তারা সেখানে পুনরায় বসতি গড়তে এবং সমাজে একীভূত হতে পারে। মাতৃভূমিতে ফিরে গেলে মিয়ানমারের উন্নয়নে অংশীদার হতে পারবে তারা।”

রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন অভিযানের মুখে ২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে ঘর-বাড়ি ছেড়ে বাংলাদেশে আসতে থাকে রোহিঙ্গারা; এই সংখ্যা কয়েক মাসের মধ্যে সাত লাখ ছাড়ায়। আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি।

গত বছর দু’দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রাখাইন রাজ্যের পরিবেশ নিয়ে শঙ্কার কথা তুলে ধরে ফিরতে রাজি হননি রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের বসতিতে তাদের ফেরানোর সহায়ক পরিবেশ তৈরিতে মিয়ানমার সরকারের ব্যর্থতার প্রসঙ্গও বক্তৃতায় তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

মোমেন বলেন, “ভালো প্রতিবেশী হিসাবে গঠনমূলক কূটনীতিতে রোহিঙ্গা সংকট সমাধান করতে চায় বাংলাদেশ। মিয়ানমার আমাদের বন্ধু দেশ এবং সে কারণে মিয়ানমারের সঙ্গে প্রত্যাবাসন সংক্রান্ত তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক আমরা সই করেছি।

“সেখানে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাদেরকে ফেরানোর বিষয়ে রাজি হয়েছিল মিয়ানমার। একইসঙ্গে স্বেচ্ছা পুনর্বাসনের সহায়ক পরিবেশ তৈরি এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতেও একমত হয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। সহায়ক পরিবেশ তৈরির বিপরীতে এখনও সংঘাত ও শেলিং চলমান আছে রাখাইন রাজ্যে।”

তিনি বলেন, “রোহিঙ্গারা মাতৃভূমিতে না ফেরার প্রাথমিক কারণ, তারা নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের সরকারকে বিশ্বাস করতে পারছে না।

“আমরা মিয়ানমারকে পরামর্শ দিয়েছিলাম, যাতে তারা আস্থার ঘাটতি কমাতে ও আত্মবিশ্বাস তৈরির প্রক্রিয়ায় আসিয়ান, চীন, রাশিয়া, ভারত কিংবা তাদের অন্য বন্ধু দেশের বেসামরিক পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করে। এর মাধ্যমে টেকসই প্রত্যাবর্তনের জন্য আস্থার ঘাটতি কমিয়ে আনা যেতে পারে।”

বাজে পরিস্থিতিতে বেড়ে উঠার কারণে রোহিঙ্গারা যদি উগ্রবাদে জড়িয়ে যায়, তাহলে তা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠবে বলেও হুঁশিয়ার করেন পররাষ্ট্রমন্ত্রী।

আসিয়ান রিজিওনাল ফোরামের সভাপতি ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনের সভাপতিত্বে সম্মেলনে আসিয়ান সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইউ ক্যাউ তিন উপস্থিত ছিলেন।