২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুগ্মসচিব হলেন বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ১৪৪ কর্মকর্তা

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের যে কর্মকর্তারা এক দিন আগে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন, তাদের মধ্যে ১৪৪ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2020, 07:30 PM

Updated : 18 Aug 2022, 03:43 PM

পদোন্নতির পর তাদের পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, “যুগ্মসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতি বা জ্যেষ্ঠতা কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারির পূর্বের কোনো আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না। তবে ইতোমধ্যে প্রাপ্ত সুবিধা বহাল থাকবে।”

বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার ২২০ জন কর্মকর্তাকে মঙ্গলবার উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়। ২০০৬ সালের ২৬ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়।

এসব কর্মকর্তার মধ্য থেকেই ১৪৪ জনকে বুধবার যুগ্মসচিব করা হল। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ৫ জুন পর্যন্ত বিভিন্ন তারিখে তাদের পদোন্নতি কার্যকর ধরা হয়েছে।

আরও গতিশীল, সমন্বিত ও জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত করে সরকার।

ওই সময় এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছিল, সরকারি কর্ম কমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী ইকোনমিক ক্যাডারের কর্মকর্তা এবং ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা স্ব স্ব ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে।

একজন কর্মকর্তা জানান, প্রশাসন ক্যাডারের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত হওয়ার পর এই ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে জটিলতা ছিল। ফলে এসব কর্মকর্তাদের পদোন্নতি আটকে ছিল দীর্ঘদিন। এখন ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সেই জটিলতার নিরসন করা হচ্ছে।

 
 

পুরনো খবর:

প্রশাসনের সঙ্গে একীভূত হল ইকোনমিক ক্যাডার
উপসচিব হলেন বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২২০ কর্মকর্তা