ঘরবন্দিত্ব ঘুচে ছুটছে মুক্ত হাওয়ার টানে
করোনাভাইরাস মহামারীতে কয়েক মাস ঘরবন্দি দশা কাটিয়ে হাঁপিয়ে ওঠা অনেকেই এখন ঘুরতে বেরোচ্ছেন, যাতে দীর্ঘ দিন পর আবার জমে উঠছে দেশের পর্যটন কেন্দ্রগুলো।
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গত ১৭ অগাস্ট খুলে দেওয়া হয়েছে দেশের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকত। এরপর থেকেই প্রতিদিন সেখানে ভিড় করছেন হাজারো মানুষ।
পর্যটকের এই উপস্থিতিকে প্রত্যাশার চেয়ে বেশি বলছেন কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক করিম উল্লাহ।
পর্যটকদের ভিড় বাড়ছে সিলেটের কেন্দ্রগুলোতেও। পরিবার নিয়ে সেখানে বেড়াতে যাচ্ছেন বহু মানুষ।
কয়েক মাস পর পর্যটকদের আনাগোনায় আশাবাদী হয়ে উঠেছেন সিলেটের হোটেল-মোটেল ও গেস্ট হাউজের মালিকরা।
দেশের সবচেয়ে বড় পর্যটন আকর্ষণ কক্সবাজার সমুদ্র সৈকতে অন্যান্য বছরের তুলনায় এই সময়ে বেশি পর্যটক যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকার অনেকেই এখন দলবেঁধে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের একজন রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সৌলেন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বাসায় আটকে ছিলাম। এখন যান চলাচল শুরু হওয়ায় মনের অবসাদ দূর করতে সবাই মিলে একটু ভ্রমণে বের হচ্ছি। ভ্রমণ শেষে ঢাকায় ফিরে আবার নতুন উদ্যোমে কাজ শুরু করব।”
সহকর্মীরা মিলে আগামী বৃহস্পতিবার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাচ্ছেন জানিয়ে সৌলেন বলেন, তারা ১৮-২০ জন মিলে একটি বাস ভাড়া করেছেন। সুনামগঞ্জে রাতে পুর্ণিমা দেখে ঢাকায় ফিরবেন।
এরইমধ্যে বন্ধুদের নিয়ে কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণের পকিল্পনা করেছেন আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উজ্জ্বল হোসেন।
তিনি বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘ সময় বন্ধুদের সাথে সময় কাটাতে পারিনি। তাই সেপ্টেম্বরের কোনো এক ছুটির দিনে নিকলি হাওরে ঘুরে আসব।”
অন্যদিকে মহামারীর কারণে বিমান চলাচলে বিধি-নিষেধের কারণে আমেরিকা প্রবাসী মেয়ের সঙ্গে দেখা করতে পারছেন না আদাবরের বাসিন্দা সত্তরোর্ধ্ব সাইদুর রহমান খান ও তার স্ত্রী।
তারা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতি কিছুটা ভালো হলেই ছোট মেয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা যাবেন। সেখানে দুই নাতির সঙ্গে সময় কাটাবেন।
সৌলেন, উজ্জ্বল ও সাইদুর রহমানের মতো হাজার হাজার মানুষ এখন অবসাদ কাটিয়ে আনন্দ উপভোগ করতে দেশ-বিদেশে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন। কেউ বা এরইমধ্যে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরেও এসেছেন।
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে পর্যটকদের ঠিকভাবে যাতে সামলানো হয় সেদিকে নজর দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারাও।
কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পুরো মেরিন ড্রাইভ সংশ্লিষ্ট এলাকা, কক্সবাজার পৌর এলাকার পর্যটন কেন্দ্রগুলো এবং সব হোটেল-মোটেল খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
সিলেটের রাতারগুল ঘুরে দেখছেন একদল পর্যটক।
কক্সবাজারের জেলা প্রশাসক জানান, পর্যটন কেন্দ্রগুলোর নানা স্পটে হাত ধোয়ার ব্যবস্থা রাখাসহ সচেতনতামূলক ব্যানার ও বিল বোর্ড স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব কাজ শেষ হবে।
এছাড়া স্বাস্থ্যবিধিসহ প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আগামী সোমবার থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের এসপি মো. জিল্লুর রহমান বলেন, “সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে আসা লোকজনকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, নির্দিষ্ট শারীরিক দূরত্ব মানা এবং এক জায়গায় ব্যাপক জনসমাগম না করাসহ নানা নির্দেশনা বাস্তবায়নে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপরতা চালাচ্ছে।”
কক্সবাজার হোটেল-মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, “করোনা পরিস্থিতির কারণে সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় গত মধ্য মার্চ থেকে কক্সবাজারে পর্যটকের আনাগোনা একেবারেই ছিল না। তবে গত ১৭ অগাস্ট থেকে প্রশাসনের সিদ্ধান্তে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় পর্যটকরা কক্সবাজারে আসতে শুরু করেছে।
“প্রতিদিনই কক্সবাজারে বেড়াতে আসছে হাজার হাজার পর্যটক, যা অন্য বছরের এই সময়ের চেয়ে বেশি। বিগত বছরগুলোর এ সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ পর্যটক আসছে।”
মূলত মধ্য নভেম্বর থেকে মার্চ পর্যন্ত কক্সবাজারে ভরা পর্যটন মৌসুম জানিয়ে হোটেলে চাকুরিজীবীদের সংগঠনের এই নেতা বলেন, “করোনা পরিস্থিতির কারণে অনেকে বিদেশে বেড়াতে যেতে পারছেন না। এতে দীর্ঘদিন পর পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় তারা এখন কক্সবাজার ঘুরতে আসছেন। ফলে অন্য বছর পর্যটনের অফ-সিজনের চাইতে লোকজন এখন বেশি। অধিকাংশ হোটেলেরই অর্ধেকের বেশি কক্ষ এখন বুকড রয়েছে।”
করোনাভাইরাসের ভীতি কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোও। সীমিত পরিসরে সেখানে আসছেন পর্যটকরা।
সিলেটের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে বিছনাকান্দি, জাফলং, রাতারগুল, লালাখাল. কোম্পানীগঞ্জ সাদাপাথর এলাকা। পাশের জেলা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, তাহিরপুরে টেকেরঘাট নিলাদ্রি, শিমুলবাগানও পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। এছাড়া মৌলভীবাজারের হাকালুকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, মনিপুরি পাড়া, শ্রীমঙ্গল চা বাগানসহ রয়েছে অসংখ্য পর্যটনকেন্দ্র।
প্রায় সাড়ে চার মাস এসব জায়গা পর্যটকশুন্য থাকলেও মধ্য অগাস্ট থেকে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। ফলে দীর্ঘদিনের স্থবিরতা শেষে খুলতে শুরু করেছে হোটেল- মোটেলও।
সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমাত নুরী চৌধুরী জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা স্বাস্থ্যবিধি মেনে গেস্টদের হোটেলে তুলছি। ধীরে ধীরে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে, দর্শনার্থীরা আসছেন, এটা আশাব্যঞ্জক।”
সৈকতে গেলে মনটা এমনিতেই ফুরফুরে হয়ে যায়; কয়েক মাস করোনাভাইরাসের চাপ সামলে সমুদ্র পাড়ে গিয়ে এই যুবকের উচ্ছ্বাস যেন বাঁধন হারা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরে বন্দি থেকে মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছিল, ঘরে থাকতে থাকতে তারা হতাশ হয়ে পড়েছিল। এখন দেশের ভিতরে যান চলাচল শুরু হওয়ায় মানুষ তাদের ক্লান্তি কাটাতে ভ্রমণে বের হচ্ছেন।”
পর্যটন বোর্ডের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, বিদেশ থেকে প্রতি বছর আনুমানিক ৮ থেকে ১০ লাখ মানুষ বাংলাদেশে আসেন। এছাড়া দেশের ভেতরে প্রতি বছর এক কোটি মানুষ ভ্রমণ করেন।
তবে এই সময়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, “যারা বিভিন্ন পর্যটন অবকাঠামো রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত বা যারা ট্যুর আয়োজন করেন তাদের অবশ্যই পর্যটকদের জন্য স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের উদ্যোগ নিতে হবে। তাহলে সবার ভ্রমণ স্বাস্থ্যকর ও নিরাপদ হবে। তা না হলে ভয়াবহ সংকটও দেখা দিতে পারে।”
এ বিষয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ মহামারীর মধ্যেও এখন ধীরে ধীরে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের সংখ্যা বাড়ছে। সরকারের জেলা প্রশাসনের যে কমিটি রয়েছে তারা যখন কোনো পর্যটনকেন্দ্র খুলে দেয় তখন আমরা সেই জায়গায় অপারেশন করি।
“আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে হোটেল, মোটেল সেখানে আমরা সরকারি নির্দেশনা মোতাবেক যে স্বাস্থ্যবিধি তার শতভাগ প্রতিপালন নিশ্চিত করে তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি।”
পর্যটকদের আশ্বস্ত করে তিনি বলেন, “প্রতিদিন আমাদের রুমগুলোতে জীবাণুনাশক দেওয়া হয়। ওখানে কাউকে মাস্ক পরা ছাড়া প্রবেশ করতে দেওয়া হয় না। পর্যটকদের ব্যবহারের জন্য হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। যে কোনো অনুষ্ঠান দূরত্ব মেনে আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
“এছাড়াও পর্যটন কেন্দ্রে আমাদের প্রশিক্ষিত সদস্যরা থাকেন যারা ঘুরতে আসা লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতন করেন।”
