ভাইস অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরলেন নৌবাহিনী প্রধান
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরালের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনা ও বিমানবাহিনীর দুই প্রধান।
রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে এই র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরানোর পর সরকারপ্রধান নতুন নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন এবং এ লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান।
রিয়ার অ্যাডমিরাল শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে সরকার গত ১৮ জুলাই তাকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয়।
গত সাত মাস ধরে নৌ সদরে সহকারী নৌ প্রধান (অপারেশান্স) হিসেবে দায়িত্ব পালন করে আসা শাহীন ইকবাল শনিবার তার নতুন দায়িত্বে যোগ দেন।
১৯৮০ সালে অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগ দেওয়া শাহীন ইকবাল ১৯৮২ সালের ১ ডিসেম্বর এক্সিকিউটিভ শাখায় কমিশন পান।
নৌবাহিনীতে দীর্ঘ চার দশকের কর্মজীবনে শাহীন ইকবাল ফ্রিগেটসহ সব শ্রেণীর যুদ্ধজাহাজ এবং গুরুত্বপূর্ণ ঘাঁটির অধিনায়কত্ব করেছেন। বিএনএস তিতুমীর এবং স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকসের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
কমোডর হিসেবে পদোন্নতি পাওয়ার পর ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরে পান চট্টগ্রাম নৌ অঞ্চলের নেতৃত্ব।
এছাড়া বিভিন্ন সময়ে তিনি নৌ গোয়েন্দা বিভাগের পরিচালক, সদরদপ্তরের নেভাল অপারেশনস বিভাগের পরিচালক এবং সহকারী নৌ প্রধান (পারসোনেল) পদেও দায়িত্ব পালন করেন।
