চট্টগ্রামে ভারতের অর্থায়নে কলেজ ভবন নির্মাণের উদ্বোধন
ভারত সরকারের অর্থায়নে চট্টগ্রামের হাটহাজারীর আলীপুর রহমানিয়া স্কুল ও কলেজের একটি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল আয়োজনে ওই কলেজের বিজ্ঞান ব্লক ভবন উদ্বোধনের কথা জানিয়েছে ঢাকায় ভারতীয় হাই কমিশন।
হাই কমিশনের সংবদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও কলেজের পাঁচ তলা বিজ্ঞান ব্লক ভবনের নিচতলা নির্মাণের জন্য ২০১৭ সালে একটি সমঝোতা স্মারক সই হয়।
ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ভারত সরকার বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে, বর্তমানে আমাদের দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা চলমান আছে।”
তিনি বলেন, “এই স্কুলের ভবন নির্মাণের মধ্য দিয়ে স্কুলের শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, পুরো জনপদও উপকৃত হবে। বিশেষ করে বিজ্ঞান ভবন নির্মাণের পাশাপাশি কম্পিউটারসহ অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্যও ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
“সুতরাং এটি স্কুলের উন্নয়ন এবং স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন করার ক্ষেত্রেও অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সভাপতি ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। উভয় দেশ বিস্তৃত ক্ষেত্রজুড়ে একে অন্যের প্রতি সহযোগিতা প্রসারিত করেছে।
স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদও অনুষ্ঠানে বক্তব্য দেন।
