২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনের ‘প্রয়োগ না হওয়ায়’ হোটেল-রেস্তোরাঁয় ধূমপান

তামাক নিয়ন্ত্রণ আইনের ‘প্রয়োগ না হওয়ার কারণেই’ ঢাকার হোটেল-রেস্তোরাঁয় অবাধে ধূমপান চলছে বলে মন্তব্য করেছেন তামাকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ এ বিষয়ে কাজ করা গণমাধ্যমকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 06:28 PM

Updated : 08 Apr 2022, 01:06 AM

মঙ্গলবার এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) ও ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে ‘ঢাকা শহরের রেস্তোরাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চিত্র পর্যবেক্ষণ জরিপের ফলাফল ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অনলাইন সভায় তারা এই অভিমত দেন।

সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন ও তার দুর্বল দিক নিয়ে কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। সভা পরিচালনা করেন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি এটিন বাংলার বার্তা সম্পাদক নাদিরা কিরণ।

সভায় জরিপের ফলাফল তুলে ধরেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান।

ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৯ সালের জুনে ‘ঢাকা শহরের রেস্তোরাঁয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের বর্তমান অবস্থা’ যাচাইয়ের জন্য জরিপটি করে।

জরিপটি পরিচালিত হয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার মোট ৩৭১টি (উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ২১১টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৬৬টি) রেস্তোরাঁয়। এর মধ্যে ২৪৫টি রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স আছে আর বাকি ১২৬টি রেস্তোরাঁর কোনো ট্রেড লাইসেন্স নেই। এই ৩৭১টি রেস্তোরাঁর ৯৮ শতাংশে সামগ্রিকভাবে তামাক নিয়ন্ত্রণ আইন (ধূমপানমুক্ত না রাখা এবং এ সংক্রান্ত নোটিশ প্রদর্শন না করাসহ আইনের অন্যান্য ধারা) লংঘনের চিত্র উঠে আসে।

সভায় প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের (পাটা বাংলাদেশ চ্যাপ্টার) চেয়ারম্যান এবং ঢাকা রিজেন্সি হোটেল ও রিসোর্টের নির্বাহী পরিচালক শহিদ হামিদ বলেন, “স্বনামধন্য হোটেলগুলোর প্রায় সবই তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলে। তারপরও কিছু কিছু স্থানে এখনও পুরোপুরিভাবে বাস্তবায়িত হচ্ছে না। সেজন্য আইন সম্পর্কে আরও প্রচার ও প্রচারণার প্রয়োজন।”

সভার সভাপতি ইকবাল মাসুদ বলেন, “তামাক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর- এটা সকলের জানা সত্ত্বেও পাবলিক প্লেসে তামাক সেবন অহরহ দেখা যায়, যা আইন পরিপন্থি। সম্প্রতি আহ্ছানিয়া মিশনের জরিপে রেস্তোরাঁয় এমন চিত্র দেখা গেছে, যা ভাববার বিষয়। তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ও সংশোধনে সরকারকে যেমন সক্রিয় ও কঠোর হতে হবে তেমনি গণমাধ্যমকেও এর প্রয়োজনীয়তা সরকারসহ সাধারণ জনগণের কাছে তুলে ধরতে হবে।”

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ বলেন, “তামাক নিয়ন্ত্রণ আইন প্রনয়ণ, বাস্তবায়ন ও সংশোধনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হোটেল, রেস্তোরাঁ, পর্যটনকেন্দ্র এগুলো বিনোদনের জন্য এবং এই সব জায়গায় জনসমাগমও বেশি। তাই এ সব সেক্টরকে তামাকমুক্ত রাখা প্রয়োজন।”

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধূরী, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া ও প্রোগ্রাম অফিসার আতাউর রহমান মাসুদসহ তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।