ঈদযাত্রায় বাড়ছে না ট্রেন: রেলমন্ত্রী
কোরবানির ঈদ উপলক্ষে রেলপথে যাত্রীর চাপ বাড়লেও ট্রেনের সংখ্যা বাড়ছে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্মে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে রেলমন্ত্রী এ কথা বলেন।
এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। আমরা মনে করি এই চাপটা হবে সংক্রমণ ছড়িয়ে দেওয়ার চাপ। এই চাপকে গ্রহণ করব না।“
ঈদ উপলক্ষে এবার রেলওয়ের আলাদা কোনো আয়োজন থাকবে না জানিয়ে মন্ত্রী বলেন, “বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে, ঈদেও একইভাবে ট্রেন চলবে।”
প্রতিবছরই ঈদের সময় গ্রামমুখী মানুষদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন রুটে নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চালু করা হয়।
করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। তবে ১৭ দিনের মাথায় যাত্রী সঙ্কটে দুটি ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়।
ঈদের মধ্যে নগর থেকে করোনাভাইরাস যেন গ্রামে ছড়াতে না পারে, সেজন্য এই ছুটিতে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার।
তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও এবার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ছুটির সময় ঢাকা, নারায়রণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ রাখার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠিও দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
রেলমন্ত্রী বলেন, “গত ঈদের অভিজ্ঞতায় কেবল আনন্দ নয়, কিছু দুসংবাদও বহন করতে হয়েছে। আমরা লক্ষ্য করেছি, সে সময় মৃত্যুর হার ও সংক্রমণ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। একদিকে আহ্বান জানাচ্ছি ঘরে থাকার জন্য, আরেক দিকে রেলের সংখ্যা বাড়িয়ে সুযোগ তৈরি করে দিলে তাতে বৈপরিত্য হবে।“
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেল মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পুরনো খবর
