২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টি রাজধানীজুড়ে

শ্রাবণের শুরুতে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে দেশের বিভিন্ন এলাকায়; ঢাকায় বিভিন্ন সড়কে পানি জমে দুর্ভোগে পড়ছে শহরবাসী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2020, 01:10 PM

Updated : 10 Oct 2022, 07:18 PM

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল টাঙ্গাইলে ১১০ মিলিমিটার।

মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে রাজধানীজুড়ে। ততে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তার মধ্যেই মানুষকে বের হতে হচ্ছে জরুরি কাজে।

আফতাব উদ্দিন বলেন, ঢাকার পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম মেঘালয় প্রদেশে ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।

টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা  

ঢাকার আশপাশের নিম্নাঞ্চলেও বন্যার পূর্বাভাস  

তাতে বহ্মপুত্র-যমুনা ও আপার মেঘনা অববাহিককার নদ-নদীতে পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

দেশের নদনদীগুলোতে পানি উন্নয়ন বোর্ডের ১০১টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৬টিতে মঙ্গলবার সকালে পানি বাড়ছিল। এর মধ্যে ১৪টি নদীর ২৪টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে বয়ে যাচ্ছে।

ঢাকা জেলার আশপাশের নদ-নদীতেও আগামী ৪৮ ঘণ্টা পানি বাড়তে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।