২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অজ্ঞান পার্টির’ চার প্রতারক গ্রেপ্তার

রাজধানীর মেরুল বাড্ডা থেকে এক প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যারা যানবাহনের যাত্রীদের অচেতন করে সর্বস্ব কেড়ে নিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 07:22 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

রোববার ভোরে মেরুল বাড্ডার বীর উত্তম রফিকুল ইসলাম সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- মো. মামুন হোসেন ওরফে সাত্তার (৩৫), মো. মাসুদ (২৫), মো. সুমন ওরফে মুসা (২৬) ও মো. সুমন (৩৬)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি চাপাতি, ছুরি, রশি, গামছা ও নেশাজাতীয় ওষুধ উদ্ধার করা হয় বলে জানানো হয় সিআইডির সংবাদ সম্মেলনে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, “এদের বলা হয় অজ্ঞান পার্টি বা মলম পার্টি। ঢাকা ও আশপাশ এলাকায় অটোরিকশার যাত্রী, চালক ও পথচারীদের গতিরোধ করে এরা মলম লাগিয়ে বা ঘুমের ওষুধ খাইয়ে নির্জনস্থানে ফেলে গাড়িসহ টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যেত।”

তাদের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট ও ডেমরা থানায় পুরনো মামলা রয়েছে এবং বাড্ডা থানায় আরও একটি মামলা করা হয়েছে বলে জানান কামরুজ্জামান।