জেলা বারগুলো স্বাস্থ্যবিধি মানছে কিনা জানতে চায় হাই কোর্ট
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে আইনজীবীদের সুরক্ষায় বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি জেলা আইনজীবী সমিতিগুলো মেনে চলছে কিনা, তার প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচরপতি জে বি এম হাসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বুধবার ৫ জুলাইয়ের মধ্যে বার কাউন্সিলকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার; তারা একই সঙ্গে এ রিটের আবেদনকারী।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল ইসলাম।
দেশের আদালতগুলোতে কোভিড-১৯ এর সংক্রমণ থেকে আইনজীবী, বিচারক, বিচারপ্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি স্বাস্থ্যবিধি বা নির্দেশনা প্রণয়নের গত ১৬ মে বার কাউন্সিলসহ সংশ্লিষ্টদের উকিল নোটিস পাঠানো হয়।
সাড়া না পেয়ে আইন সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বার কাউন্সিলের সচিব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতির সম্পাদককে বিবাদি করে গত ৩ জুন হাই কোর্টে রিট আবেদন করা হয়।
দেশের প্রত্যেক জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে থার্মাল স্ক্যানার স্থাপন, স্যানিটাইজার, সাবান বা হাত দোয়ার উপকরণ সরবরাহসহ আইনজীবী সমিতি ভবন পরিচালনায় একটি বিশেষ স্বাস্থ্যবিধি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয় রিটে।
পল্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রিট আবেদনটির শুনানির মধ্যে গত ১৫ জুন বার কাউন্সিল স্বাস্থ্যবিধি সংক্রান্ত ১০ দফা নির্দেশনা জারি করে। তখন আমরা এ নির্দেশনাগুলোর যথাযথ বান্তবায়নের নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন করি। সেটির শুনানির পরই আজ আদালত দুটি নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন।”
এ আইনজীবী বলেন, প্রতিবেদন চাওয়ার পাশাপাশি ১০ দফা নির্দেশনার বাস্তবায়ন হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি মনিটরিং করার জন্য বার কাউন্সিলকে একটি কমিটি গঠন করতে বলেছে আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “কমিটি গঠনের কথা বার কাউন্সিলের নির্দেশনাতেই আছে। আদালত কেবল বাস্তবায়ন প্রতিবেদন চেয়েছে।”
বার কাউন্সিলের ১০ দফা নির্দেশনা
# আইনজীবী ভবনসমূহের প্রতিটি কক্ষ, আঙ্গিনা, ও রাস্তাঘাট জীবানুনাশক দিয়া জীবানুমক্ত করিতে হইবে।
# প্রত্যেককে অবশ্যই মাস্ক পরিধান করিতে হইবে।
# প্রত্যেককে আদালত চত্বরে প্রবেশ পথ দিয়া প্রবেশের ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।
# আদালত চত্বরের প্রবেশ পতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা করিতে হইবে।
# আইনজীবী সমিতি ভবনের সামনে থার্মাল স্ক্যানার দিয়া প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করিয়া তবেই প্রবেশ করিতে হইবে।
# আইনজীবী ভবনসমূহের প্রতিটি টয়লেট প্রতিদিন অন্তত দুইবার জীবানুনাশক দিয়া জীবানুমুক্ত করিতে হইবে।
# টয়লেট ব্যবহারের পর হাত পরিষ্কারের জন্য সাবানের ব্যবস্থা নিশ্চিত করিতে হইবে।
# প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখিতে হইবে এবং সাবান পানি, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজার দিয়া ঘনঘন হাত পরিষ্কার করিবার ব্যবস্থা রাখিতে হইবে।
# স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা অনুসরণ ও প্রতিপালন করিতে হইবে।
# করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানিয়া চলিতেছে কি না, তাহা মনিটরিং কমিটি গঠন করিয়া মনিটরিং কার্যক্রম পরিচালনা করিতে হইবে।
ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা ও দায়িত্ব পালন করে সারা দেশে মঙ্গলবার পর্যন্ত অধস্ত আদালতের ২৬ জন বিচারক কোভিড-১৯ এ আক্রন্ত হয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।
এছাড়াও সর্বোচ্চ আদালতের ২৬ এবং অধস্তন আদালতের ৭১ জনসহ মোট ৯৭ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত বলেও জানান তিনি।
