২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানার টাকা ডাকাতি: গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ৮০ লাখ টাকা ডাকাতির সঙ্গে জড়িত অভিযোগে র‌্যাব পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2020, 02:34 AM

Updated : 18 Aug 2022, 03:12 PM

গত ৭ জুনের ডাকাতির এই ঘটনার এক সপ্তাহের মধ্যে রোববার প্রায় ৯ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর মগবাজার, ডেমরা ও কড়াইল বস্তি এবং সাভার, আশুলিয়াকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিয়াজ (৩৬), মো. সাগর মাহমুদ (৪০), মো. জলিল (৪০), মো. ইসমাইল হোসেন ওরফে মামুন (৪৫) ও মনোরঞ্জন মন্ডল ওরফে বাবুকে (৪১) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ১১শ ইউএস ডলার, একটি প্রাইভেট কার, তিনটি মোটর সাইকেল, একটি বিদেশি রিভলবার, একটি বিদেশ পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৩টি পাসপোর্ট এবং ৩৮টি মোবাইল ফোন উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের মিডিয়া উইংএর পরিচালক সারোয়ার বিন কাশেম রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, ৪/৫ মাস আগে তারা ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসাবে মনোরঞ্জন মন্ডল সেখানে সাব কন্ট্রাকটারের কাজ নেন। ব্যাংক থেকে কখন টাকা তুলে সে খবর গত কয়েকমাস ধরে মনোরঞ্জন দেখছিলেন।

তিনি জানান, “এই ঘটনার মূল পরিকল্পনাকারী ছিল ইসমাইল ও মনোরঞ্জন মন্ডল। ডাকাতিতে অন্তত ১০জন অংশ নেয়।

“মনোরঞ্জন মন্ডলের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন বেতনের জন্য ব্যাংক থেকে ‍তুলে আনা মাইক্রেবাসটি বেলা দেড়টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় থামায়। তারা হাতুড়ি দিয়ে কাঁচ ভাঙে এবং গুলি করে।”

গুলিতে কারখানার কর্মচারী রাজীব মজুমদার শুভ (২৮) গুরুতর আহত হন।

ইসমাইল ডলার প্রতারণা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানান সারোয়র বিন কাশেম।

তিনি বলেন, “২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইসমাইল হোসেন দেশের বাইরে ছিল। সেখানে জলিলের সাথে তার পরিচয় হয়। এরপর থেকেই তারা দেশে এসে অন্য সহযোগীদের নিয়ে ডাকাতির পরিকল্পনা করে। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে।”