ঢাকা মেডিকেলের আইসিইউ প্রধান কোভিড আক্রান্ত
ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্র বিভাগের অধ্যাপক ও হাসপাতালের আইসিইউ প্রধান ডা. মোজাফফর হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজেই জানিয়েছেন।
অধ্যাপক ডা. মোজাফফর বলেন, এক সহকর্মীর কোভিড-১৯ ধরা পড়লে গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করেন। সেখানে তার সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়েছেন তিনি।
“আমার ওই সহকর্মী পজেটিভ হওয়ার পর আমারও কিছু সন্দেহজনক উপসর্গ দেখা দেয়। পরে নমুনা পরীক্ষা করালে পজেটিভ হয়। আমার এখন পর্যন্ত খুব মৃদু উপসর্গ।”
বাংলাদেশে রোববার পর্যন্ত ৮৭ হাজার ৫২০ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে। এই রোগে মারা গেছেন ১ হাজার ১৭১ জন।
আক্রান্তদের মধ্যে অনেক স্বাস্থ্যকর্মীও রয়েছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ পর্যন্ত সারাদেশে চিকিৎসক, নার্সসহ ৩ হাজার ১৬৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।
এ পর্যন্ত ১ হাজার ৩ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। ২৮ জন এবং উপসর্গ নিয়ে ৫ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বিএমএ।
