২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহামারীর সঙ্কটে মেসভাড়া নিয়ে বিপাকে জবি শিক্ষার্থীরা

করোনাভাইরাস মহামারীতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে কয়েক মাসের জমে যাওয়া বকেয়া বাড়ি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন আবাসিক সুবিধাবিহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2020, 01:11 PM

Updated : 08 Apr 2022, 12:55 AM

তাদের অনেকে জানান, মহামারীর কারণে পরিবারের উপার্জন কমে যাওয়ায় থাকার খরচ সামলাতে পারছেন না তারা। তাছাড়া অনেকেই প্রাইভেট টিউশনি করে চলতেন, যা মহামারীর কারণে বন্ধ রয়েছে।

বাড়ি মালিকদের অনেকেই গত তিন মাস ভাড়া আদায় না করলেও এখন একসাথে কয়েক মাসের ভাড়া পরিশোধের পড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শিক্ষার্থীরা।

মেসভাড়া সংকট নিরসনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার থেকে অনলাইনে গণস্বাক্ষর অভিযানও শুরু করেছে।

২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কোনো আবাসিক সুবিধা নাই। বাড়িওয়ালারা আমাদের প্রতিদিন চাপ দিচ্ছে ভাড়ার জন্য। আমাদের অনেক বন্ধু-বান্ধবকে বাড়িওয়ালাদের হাতে মারও খেয়েছে।

“আমরা চাচ্ছি, প্রশাসন আমাদের সম্পূরক অর্থ সহায়তার আওতায় নিয়ে আসুক, যাতে আমরা বাসা ভাড়াটা এখন দিতে পারি।”

মহামারীর কারণে পরিবারিক উপার্জন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। তিনি নিজেও টিউশনি হারিয়েছেন। তার তিন মাসের মেস ভাড়া বকেয়া পড়েছে। এর মধ্যে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় ভাড়া পরিশোধের চাপ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই শিক্ষার্থী বলেন,“যেহেতু লকডাউন খুলে দিছে, তাই মাসের ভাড়া মাসেই পরিশোধ করতে বলছে। আমার সমস্যা আছে, আমি এখন ভাড়া দিতে পারবো না। তারপরও অনেক চাপ দিচ্ছে।

“এখন যদি আমাদের ভাড়াটা কিছুটা হলেও মওকুফ করা হতো, তাহলে ভাল হতো। আমরা তো এখন মেসে থাকি না, সেজন্য অন্যান্য চার্জ বাদ দিয়ে শুধু সিট ভাড়াটা নিতে পারে।”

প্রতিষ্ঠার এক যুগ পরও কোন আবাসন ব্যবস্থা না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন মেসে ভাড়া থেকে পড়াশুনা চালাতে হচ্ছে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উদ্যোগ দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রসেনজিৎ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন মাস ধরে শিক্ষার্থীদের বাসা ভাড়া জমে আছে। এখন মালিকরা চাপ দিচ্ছে ভাড়ার জন্য। তাদের টিউশন নেই, কোনো কাজ নেই। সবার পরিবার তো সচ্ছল না, এখন এত টাকা একসাথে তারা কীভাবে দিবে? ফলে তাদের মধ্যে চাপ তৈরি হচ্ছে।

“দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি, মেস ভাড়া হয় মওকুফ করতে হবে, নইলে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের বাসা ভাড়া ১৭০০ থেকে ২৫০০ টাকার মতো পড়ে। সেক্ষেত্রে প্রশাসন যদি মাসে প্রতি শিক্ষার্থীকে ১৫০০ টাকা করেও দেয়, তাহলে বাকিটা শিক্ষার্থীরা ম্যানেজ করে নিতে পারবে।

“এটা কেন করতে পারে তার পিছনেও আমাদের যুক্তি আছে। কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের শিক্ষার্থীদের পিছনে ব্যয় অনেক কম।”

মেস ভাড়া নিয়ে সঙ্কটে পড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানে মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদের নেতৃত্বে কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি ভাড়া সংক্রান্ত সমস্যাগুলো চিহ্নিত করে করণীয় ঠিক করতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

“যারা মেসে থাকে তাদের সমস্যা কি- সে বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন, বিশ্ববিদ্যালয়ের করণীয় কি- সে সুপারিশ করবে এই এক সদস্যের কমিটি।”