২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 07:45 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

একইসঙ্গে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের শরীরেও করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে বলে শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এদের পরীক্ষা করা হলে শুক্রবার তিনজনের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়।”

মন্ত্রী, তার স্ত্রী এবং একান্ত সচিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছেন। মন্ত্রী নিজের এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কোভিড-১৯ আক্রান্ত উশৈসিং ঢাকা সিএমএইচে  

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ গত ৮ মার্চ বাংলাদেশে ধরা পড়ার পর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা  ৮১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হাজারের বেশি মানুষ।

মন্ত্রীদের মধ্যে এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে তার সংক্রমণ শনাক্ত হওয়ার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।