এইডিসের লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা
বিভিন্ন ভবনে এইডিস মশার লার্ভা পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বুধবার ১৪ মামলার বিপরীতে এ পরিমাণ টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এইডিস মশা নিয়ন্ত্রণের ডিএনসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পঞ্চম দিন বুধবার ১৩ হাজার ৪৬২টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১৮৩টিতে এইডিস মশার লার্ভা পাওয়া যায়।
৯ হাজার ২৫৮টি বাড়িতে এইডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএনসিসি জানায়, অভিযান শুরুর পাঁচ দিনে ৫৪টি ওয়ার্ডের ৬৭ হাজার ৫৯২টি স্থাপনা পরিদর্শন করে ৮৫৪টিতে এইডিস মশার লার্ভা ৪৬ হাজার ৮০১টিতে এই মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। পাঁচ দিনে জরিমানা করা হয় ৪ লাখ ৩৬ হাজার টাকা।
ডিএনসিসি জানিয়েছে, উত্তরার ২১টি মিরপুর সেকশন ১২ ও ১৩ এলাকার ১৫টিতে, মহানগর প্রকল্প ও পশ্চিম রামপুরা এলাকার ৫৪টি, মিরপুর-১০ এলাকার ১৮টি,কারওয়ানবাজার এলাকায় ১৩, হরিরামপুরে ১৫টি, দক্ষিণখানে ৯টিতে, উত্তরখানে ১৪টিতে, ভাটারায় ১২টিতে, সাঁতারকুলে ১২টিতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে।
ডিএনসিসির অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা এএসএম শফিউল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর জানান, বিভিন্ন বাড়ি ও স্থাপনা পরিদর্শনে গিয়ে এইডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এ কারণে জরিমানা করা হয়েছে।
“কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেজন্য বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, মাইকে ঘোষণা করা হয়েছে। কিন্তু অনেকেই এ নির্দেশ মানছেন না। অনেকের অবহেলা আছে। এ কারণে অনেক বাড়িতে এইডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ওই বাড়ির মালিকদের পাশাপাশি আশপাশের নাগরিকরাও এ কারণে হুমকির মুখে পড়েছেন।”
