২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ও সদস্য বরখাস্ত

ক্ষমতার অপব্যবহার, মারধরের ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক ইউপি চেয়ারম্যান ও সদস্যকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2020, 08:27 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা রাড়ী এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ দেওয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মধ্য খাজুরিয়া দাখিল মাদ্রাসায় নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. শহীদুল ইসলামকে লাঠি, জুতা ও ঝাড়ু ব্যবহার করে শারীরিকভাবে লাঞ্ছিত, ৫০ হাজার টাকা চাঁদা দাবি, জুতার মালা পরিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

সাময়িকভাবে বরখাস্ত চেয়ারম্যান ও সদস্যকে পৃথক কারণ দর্শানো নোটিসে কেন তাদেরকে চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।