২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেবিট ও ক্রেডিট কার্ড ‘জালিয়াত চক্রের’ ৯ জন রিমান্ডে

ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নয়জনকে দুই দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 09:09 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ সোমবার এই আদেশ দেন।

এই নয় আসামি হলেন- নাজমুল জমাদ্দার (১৯), হাসান মীর (১৮), ইব্রাহিম মীর (১৮), তৌহিদ হাওলাদার (২৩), মোহন শিকদার (৩০), পারভেজ মীর (১৮), সোহেল মোল্যা (২৬), দেলোয়ার হোসেন (৩৫) ও সৈয়দ হাওলাদার (২০)।

সোমবার তাদের আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব। অভিযানে সাড়ে ১৪ লাখ টাকা এবং ক্রেডিট কার্ড জালিয়াতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম গত রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, করোনাভাইরাস সঙ্কটে বাইরে যাওয়া এড়াতে মানুষের মধ্যে মোবাইল ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। 

“এ সুযোগটি কাজে লাগিয়েছে প্রতারক চক্র। বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এই চক্রের সদস্যদের আটক করা হয়, যারা প্রত্যেকেই প্রাথমিকভাবে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”