২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছরের পরিকল্পনা দিয়ে দায়িত্বে যাবেন রাষ্ট্রদূতরা

বৈদেশিক মিশনে দায়িত্বে যাওয়ার আগে সংসদীয় কমিটির কাছে তিন বছরের কর্মপরিকল্পনা পেশ করবেন নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 08:30 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

রাষ্ট্রদূতদের ’অধিকতর জবাবদিহিতার’ আওতায় আনার পাশাপাশি কাজের মান উন্নয়নের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার এক ভিডিও বার্তায় মন্ত্রী জানান, আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে দু’জন নবনিযুক্ত রাষ্ট্রদূতের কর্মপরিকল্পনা পেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।

ওইদিন কর্মপরিকল্পনা পেশ করেন জাপানের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ ও রোমানিয়ার দাউদ আলী।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ”এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রদূতদের জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সংসদীয় কমিটির সদস্যবৃন্দ রাষ্ট্রদূতগণকে দেশের ও জনগণের উন্নয়ন কীভাবে ত্বরান্বিত করা যায়, সে বিষয়ে উপদেশ ও দিকনির্দেশনা দেন।

”রাষ্ট্রদূতের মতো গুরুত্বপূর্ণ পদে যারা কাজ করেন তাদেরকে এ ধরনের পরিকল্পনা ও জবাদিহিতার আওতায় আনার মাধ্যমে নতুন দিগন্ত খুলেছে বলে আমি মনে করি।”

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে রোববারের বৈঠক ছিল কোনো সংসদীয় কমিটির প্রথম বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য হাবিবে মিল্লাত, কাজী নাবিল আহমেদ এবং নাহিম রাজ্জাক ওই সভায় যোগ দেন।