ত্রাণ আত্মসাৎ: আরও ৩ ইউপি সদস্য বরখাস্ত
করেনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সরকারি ত্রাণ আত্মসাৎ করে তা মজুদ করায় ইউনিয়ন পরিষদের আরও তিনজন সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
স্থানীয় সরকার বিভাগ সোমবার এদের বরখাস্ত করে আলাদা আদেশ জারি করেছে।
এনিয়ে ত্রাণ বিতরণে অনিয়মসহ সরকারি চাল আত্মসাৎ এব তালিকা তৈরিতে অনিয়মের জন্য ইউনিয়ন পরিষদের ২০ জন চেয়ারম্যান, ৩৬ জন সদস্য, একজন জেলা পরিষদ সদস্য এবং দুইজন পৌর কাউন্সিলরসহ মোট ৫৯ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হল।
খাদ্যবান্ধব কর্মসূচির ২২ জন সুবিধাভোগীর কার্ড নিজের কাছে রেখে ডিলারদের সহায়তায় চাল আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক শেখকে বরখাস্ত করা হয়েছে।
সরকারি চাল আত্মসাৎ করে তা মজুদ করায় ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়ে জেলে পাঠানোয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. নিলুফা খাতুনকে বরখাস্ত করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের কুলসুম বেগম, তিনিও বরখাস্ত হয়েছেন
সরকারি চাল আত্মসাৎ করে মজুদ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগম বরখাস্ত হয়েছেন।
এই তিন জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা সুপারিশ করেছিলেন। এরপর মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে তা ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জানাতে বলা করা হয়েছে।
