রংপুরে গ্যাস পাইপলাইন বসানোর কাজ দ্রুত করার নির্দেশ প্রতিমন্ত্রীর
রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার জ্বালানি খাতের কয়েকটি সরকারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, “রংপুর তথা উত্তরাঞ্চলে সমানুপাতিকহারে শিল্পের প্রসারের জন্য ওই অঞ্চলে গ্যাস সরবরাহ জরুরি। তাই অতি দ্রুত এই অঞ্চলের গ্যাস সরবরাহ লাইন নির্মাণ সম্পন্ন করতে হবে।”
প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এই আয়োজনে প্রতিমন্ত্রী পেট্রোবাংলা, জিটিসিএল, আরপিজিসিএল, বিপিআই, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির সার্বিক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করেন।
এসময় নসরুল হামিদ বলেন, বাংলাদেশের পাথরের পিএসআই অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরবরাহ চ্যানেল ভালো করা গেলে সারা দেশেই উন্নতমানের এই পাথরের চাহিদা বাড়বে। পাথর উত্তোলন ও সরবরাহের দিকে বিশেষ জোর দিতে হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউটের মহাপরিচালক এ কে মহিউদ্দিন, আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান, জিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম কামরুজ্জামান আলোচনায় যুক্ত ছিলেন।
