২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি

করোনাভাইরাসের মহামারীর মধ্যে মালদ্বীপে আটকে পড়া ৭০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 08:59 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচ এম তৌহিদ উল আহসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে মঙ্গলবার দেশে পৌঁছান তারা।

বাংলাদেশে থাকা মালদ্বীপের ৭১ জন নাগরিককে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ওই পরিবহন বিমানটি সোমবার মালদ্বীপে গিয়েছিল। ফেরার পথে বিমানটি বাংলাদেশিদের নিয়ে এসেছে।

এছাড়া মঙ্গলবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২০ জন বাংলাদেশি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে গত দুইদিনে ৩২৮ জন বাংলাদেশি ঢাকা পৌঁছেছেন। তার আগে সৌদি আরবে আটকে পড়া তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরেছিলেন।  

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে যাত্রীদের আসা বন্ধ করে দেয় বাংলাদেশ।

এরপর ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের সঙ্গেও ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।