করোনাভাইরাস সঙ্কটেও সক্রিয় অপরাধীরা, সতর্ক করল পুলিশ
করোনাভাইরাসের রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কেউ বাড়িতে এলে ৯৯৯ বা থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
লকডাউনের মধ্যেও করোনাভাইরাসের রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার ছলে অপরাধীরা বিভিন্ন বাড়িতে গিয়ে দুষ্কর্ম ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ শুনে শনিবার এই পরামর্শ দেওয়া হয়।
পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে তাকে বা তাদেরকে ঘরে ঢুকতে দেবেন না।
“কোনো সন্দেহ হলে নিকটস্থ থানায় অবহিত অথবা ৯৯৯ এ ফোন করে নিশ্চিত হয়ে নেবেন।”
করোনাভাইরাস বিস্তার রোধে গত ২৬ এপ্রিল থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে বাসায় থাকার নির্দেশনা দেয় সরকার।
তখন থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। জরুরি সেবার প্রয়োজনীয় প্রতিষ্ঠান ছাড়া বন্ধ রয়েছে বাকি সব প্রতিষ্ঠান।
এই সুযোগে রাজধানীতে একটি চক্র দুটি ওষুধের দোকানে ডাকাতি করে। তবে এই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, একজন নিহত হয়েছেন কথিত বন্দুকযুদ্ধে।
