২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ সা’দত হুসাইন আইসিইউতে

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 10:10 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

দুদিন ধরে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে সাবেক এই মন্ত্রিপরিষদ সচিবকে।

৭৩ বছর বয়সী সা’দত হুসাইনের শারীরিক অবস্থা এখন জটিল বলে জানিয়েছেন তার একমাত্র সন্তান শাহজেদ সা’দত।

বুধবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা এখন বেশ অসুস্থ। ডায়ালাইসিস চলছে; কিউনি ফেইলিউর বাবার। মেনিনজাইটিস ধারণা করা হচ্ছে। ব্লাড কালচার রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকরা।”

শাহজেদ সা’দত জানান, গত সোমবার তার বাবাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউতে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান চিকিৎসক ওমর ফারুকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

“বাবার অবস্থা ক্রিটিক্যাল ফেইজে রয়েছে। সবাইকে বাবার জন্য দোয়া করার অনুরোধ করছি,” বলেন শাহজেদ।

২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে।