২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস মোকাবেলায় মুগদা হাসপাতালে ‘থ্রি টি মডেল’

ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা, শনাক্ত ও চিকিৎসা এখন একসঙ্গে চলবে, যাকে বলা হচ্ছে ‘থ্রি টি মডেল’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 09:43 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ এপ্রিল এ ব্যাপারে মুগদা জেনারেল হাসপাতাল এবং চাইল হেলথ রিসার্চ ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মুগদা হাসপাতালের পক্ষে চুক্তিতে সই করেন হাসপাতালের পরিচালক ডা. শহীদ মোহাম্মদ সাদিকুর রহমান এবং চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের পক্ষে এর নির্বাহী পরিচালক ড. সমীর কুমার সাহা সই করেন।

চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান, যেখানে অত্যাধুনিক মানের ল্যাবরেটরি রয়েছে। তারা করোনাভাইরাসের পরীক্ষাও করে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ চুক্তির মাধ্যমে মুগদা জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে সম্ভাব্য করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে একই দিনে চাইল্ড হেলথ কেয়ার ফাউন্ডেশনে পরীক্ষার জন্য পাঠানো হবে এবং প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টার মধ্যে নমুনা পরীক্ষা করে রিপোর্ট তৈরি করে তা আইইডিসিআর এবং মুগদা হাসপাতালে পাঠাবে।

“এছাড়াও মুগদা মেডিকেল কলেজে একটি পিসিআর মেশিন বসানো হয়েছে যার মাধ্যমে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে এবং দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে।”

পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত, আইসোলেশন করন এবং আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে  আসা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হবে। শনাক্ত রোগীদের চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালে পাঠানো হবে।