নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন সশস্ত্র বাহিনীর
নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করল বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী।
মঙ্গলবার উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ঢাকাসহ দেশের সকল সেনানিবাসে একযোগে এসব অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানিয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় একশ বার তোপধ্বনির মাধ্যমে এ অনুষ্ঠানমালার সূচনা হয়।
ঢাকা সেনানিবাসে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবাধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
জাতির পিতার ছবি এবং তার বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয় শোভাযাত্রায়। ঢাকা সেনানিবাসের অফিসার, জেসিও, অন্যান্য পদবীর সেনাসদস্য এবং অসামরিক ব্যক্তিরা তাতে অংশ নেন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয় বিশেষ সাজে।
জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসগুলোরে মসজিদে মসজিদে হয় মিলাদ ও দোয়া। তার স্মৃতির স্মরণে প্রামাণ্যচিত্র প্রদশর্নীরও আয়োজন করা হয়।
এছাড়াও সেনাবাহিনী পরিচালিত সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠান; কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশে নৌবাহিনীর সকল ঘাঁটি ও জাহাজেও জাতির পিতার জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর।
ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলে আয়োজন করা হয় বিশেষ শোভাযাত্রা; নৌবাহিনীর সকল স্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিরা তাতে অংশ নেন।
পাশাপাশি সব নৌঅঞ্চলের মসজিদগুলোতে জোহরের নামাজের পর মিলাদ ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। নৌ ঘাঁটির বিনোদন কক্ষগুলোতে দেখানো হয় জাতির পিতার জীবন ও কর্মের উপরে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র।
নৌবাহিনীর সব ঘাঁটি ও জাহাজ এদিন সাজানো হয় পতাকায়। দুপুরে সব ঘাঁটি ও জাহাজে ছিল প্রীতিভোজের আয়োজন। সূর্যাস্ত হতে মধ্যরাত পর্যন্ত প্রধান গেইট গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বিমান সদর দপ্তর সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তাতে অংশ নেন বলে জানানো হয় আইএসপিআরের সংবাদ সম্মেলনে।
সকাল পৌনে ৭টায় বিমান বাহিনীর ঘাঁটি বাশারের সৌদি কলোনী মাঠ থেকে শুরু হয়ে বিমান সদর ও তার পাশের এলাকা প্রদক্ষিণ করে সেই শোভাযাত্রা।
জন্মশতবার্ষিকী উদযাপনে বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি এবং আশপাশের এলাকায় একযোগে শোভাযাত্রার আয়োজন করা হয়।
