২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে ‘আঁধার’ ভাঙার শপথ

‘প্রজন্ম হোক সমতার, নিশ্চিত হোক নারী অধিকার’ প্রতিপাদ্য নিয়ে নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ জ্বালিয়ে ‘আঁধার’ ভাঙার শপথ নিলেন নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 02:20 AM

Updated : 10 Oct 2022, 07:01 PM

আন্তর্জাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও ৮ মার্চ রাত ১২টা ১ মিনিটে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ উপদেষ্টা ও এশিয়াটিক সোসাইটির সভাপতি মাহফুজা খানম।

শপথ বাক্যে উপস্থিত সবাই নারীর বিরুদ্ধে সব নির্যাতনকে অন্যায়, অন্যায্য ও অনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা, নিজে ব্যক্তিগতভাবে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের সাথে জড়িত না থাকা এবং নির্যাতন সহ্য না করার প্রতিজ্ঞা করেন।

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট' ও ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাঁচটি হলের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ নারী এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী চুমকি বলেন, “অন্ধকার নারীকে পেছনে ফেলেছে, আমরা এদেশের সেই অন্ধকার দূর করতে চাই। নারী আমার বোন, মা, কন্যা ও বৌ। নারীকে পেছনে ফেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারীর অধিকার দিয়েছেন। নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ এবং পুরুষদের সাথে নিয়ে সমানভাবে কাজ করা হোক আজকের আমাদের প্রতিজ্ঞা। মুজিববর্ষের প্রাক্কালে এই হোক আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “এসডিজির একটি মৌলিক দর্শন হল, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ। সমাজের কোনো একটি কম্পোনেন্টকে দূরে রেখে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ সম্ভব নয়। যে বিষয়গুলোতে আমরা পিছিয়ে আছি, বিশেষ করে নারী সমাজকে এগিয়ে নিতে হবে। স্বাধীনতার মহান মাসে এই হোক আমাদের প্রতিজ্ঞা।”

বিশেষ অতিথির বক্তব্যে ড. মাহফুজা খানম বলেন, “আমাদের রাতের আঁধার নয়, মনের আঁধার ভাঙতে হবে। নারী নির্যাতন বন্ধ ও সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সংবিধানে সবার সমান অধিকার রয়েছে, কিন্তু সে অধিকার সমাজে প্রতিষ্ঠিত নয়। বাংলাদেশে নারীর সম-অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা একত্রিত হয়ে কাজ করব। নারীর অধিকার সংরক্ষণে আমাদের একটি বড় আন্দোলন গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে জোটের কো-চেয়ারপারসন শাহীন আনাম বলেন, “দেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে চলেছে তাতে মনে হচ্ছে, নারীর বিরুদ্ধে একটা যুদ্ধ চলছে। এ যুদ্ধে কারা জিতবে? আমরা জিতব, দুর্বৃত্তরা হারবে।

“আমরা প্রত্যেক বছরে এখানে আসি এবং শপথ নিই- আগামী বছর যখন আসব, পরিস্থিতি আরও ভালো হবে। কিন্তু সেটা হচ্ছে না।বাল্যবিবাহ বন্ধ করতে সরকারের শতভাগ কমিটমেন্ট আছে, তারপরও অর্ধশতাংশ নারীর বাল্যবিবাহ হচ্ছে। বাল্যবিবাহ কমছে না। কারণ এখনও আমরা আমাদের সমাজ ও পরিবারে মন-মানসিকতার পরিবর্তন আনতে পারিনি। আমাদের সেই পরিবর্তন আনতে হবে।”

এর আগে রাত সাড়ে ১০টা থেকে অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় স্লোগানে স্লোগানে নারীরা নিজেদের অধিকার আদায়ের কথা বলেন।

‘ঘরের কাজে সমান সমান/বাইরের কাজে সমান সমান’, ‘চাকরিতে সমান সমান/সবখানে সমান সমান’, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে, আওয়াজ তুলুন একসাথে’, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলুন একসাথে’ ইত্যাদি স্লোগান দেন তারা।