প্রাইম এশিয়ার সাবেক চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের সময় ‘শত শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, অভিযোগের বিষয়ে জিজ্ঞাবাদের জন্য তলব করা হলেও এম এ খালেকের কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ পুলিশ সুপারকে (ইমিগ্রেশন) চিঠি দেওয়া হয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকারের সই করা ওই চিঠিতে খালেকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলা হয়, “বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তিনি সপরিবারে দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।"
খালেকের বাংলাদেশি পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তার কানাডিয়ান পাসপোর্ট নম্বর উল্লেখ করে তার দেশত্যাগের সুযোগ বন্ধের অনুরোধ জানানো হয় ওই চিঠিতে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর বারিধারায় খালেকের বাড়ির ঠিকানায় নোটিস পাঠিয়ে ৪ মার্চ তাকে দুদকে হাজির হতে বলা হয়।
নোটিসে অভিযোগের বিষয়ে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সাবেক চেয়ারম্যান ও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ অন্যান্যদের বিরুদ্ধে ‘বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির’ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের ‘শত শত কোটি টাকা আত্মসাতের’ অভিযোগ রয়েছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ও প্রাইম ইসলামী সিকিউরিটিজ লিমিটেড ছাড়াও প্রাইম ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ, প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, ফারইস্ট ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফারইস্ট স্টক অ্যান্ড বন্ডস লিমিটেডসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন খালেক।
দুদকের অভিযোগের বিষয়ে কথা বলতে এম এ খালেকের সঙ্গে যোগাযাগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, খালেক যেসব প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন, সেগুলো থেকে সরে গিয়ে এখন তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
এম এ খালেকের বিষয়ে জানতে চাইলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “উনি গত এক বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে নেই। উনার সাথে আমাদের যোগাযোগ হয় না। এখন নতুন বোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে।”
