প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
সফররত ভারতের সচিব সোমবার বিকালে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গণভবনে যান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সংযোগ (কানেকটিভিটি) সম্পর্কিত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”
বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ইতোমধ্যে জানিয়েছেন, মোদী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দ্বিপক্ষীয় আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার বৈঠকে নভেল করোনাভাইরাস নিয়েও আলোচনা হয়।
শেখ হাসিনা বলেন, প্রতিরোধের পাশাপাশি বাংলাদেশ ইতোমধ্যেই করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা রেখেছে। যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়, তখন তাকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে স্থানান্তর করা হবে।
প্রধানমন্ত্রী বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে বলেন।
ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের আর্থ সামাজিক সূচকগুলোর উন্নয়ন বিশেষকরে শিশু মৃত্যু হার হ্রাস থেকে নারী শিক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সাক্ষরতায় চমকপ্রদ সাফল্যের ভূয়সি প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নেরও প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস এ সময় উপস্থিত ছিলেন।
