২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন সাংবাদিকের উপর হামলা: রিমান্ড শেষে ৪ জন কারাগারে

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার চারজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2020, 10:11 PM

Updated : 18 Aug 2022, 02:30 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। এই চারজন হলেন- আলাউদ্দিন (২৬), মাসুদ মিয়া (২০), রাসেল হোসেন (৩৫) ও অপু মিয়া (২৪)।

একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আলতাফ হোসেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক।

১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরে ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোহাম্মদ হোসেন খোকনের পক্ষে সশস্ত্র মহড়ার ছবি তোলায় সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

চার আসামিকে গত ৮ ফেব্রুয়ারি র‌্যাব গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়।

এই মামলায় জড়িত থাকার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি ইসমাইল হোসেন নামে আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনিও কারাগারে রয়েছেন।

পুরনো খবর:

ভোটের দিন সাংবাদিকের উপর হামলা: গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে