শুক্রবার শুরু ঢাকা আর্ট সামিট, অংশ নিচ্ছেন ৪৪ দেশের শিল্পী
বাংলাদেশসহ ৪৪ দেশের পাঁচ শতাধিক চিত্রশিল্পীর অংশগ্রহণে ঢাকার শিল্পকলা একাডেমিতে শুক্রবার শুরু হচ্ছে ঢাকা আর্ট সামিটের পঞ্চম আসর।
মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সামদানী আর্ট ফাউন্ডেশনের কো-ফাউন্ডার রাজীব সামদানী ও কো-ফাউন্ডার নাদিয়া সামদানী।
তারা জানান, ‘সঞ্চারণ’ প্রতিপাদ্যে আয়োজিত নয়দিনের এই আর্ট সামিটে থাকবে সলো আর্ট এক্সিবিশন, পাবলিক আর্ট প্রজেক্ট, কিউরেটেড এক্সিবিশন, সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা, এক্সপেরিমেন্টাল ফিল্ম প্রদর্শনী, লাইভ আর্ট পারফম্যান্স, পাপেট শো, প্রিন্টমেকিং ওয়ার্কশপসহ শিল্প ও শিল্পকলার নানা বিষয়। থাকবে শিল্পবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
শুক্রবার সকাল ১০টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার মিলনায়তনে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরেন সামিটের অন্যতম কিউরেটর চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামী।
তিনি জানান, ঢাকা আর্ট সামিট ৫ম সংস্করণের প্রধান ভেন্যু এক লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবন। সামিটের অংশ হিসেবে স্থাপন করা হয়েছে স্কাল্পচার গার্ডেন।
উদ্বোধনী দিনে প্রথম পারফম্যান্স অনুষ্ঠিত হবে চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে। সেদিন সকাল ১০টায় সামদানী আর্ট অ্যাওয়ার্ড পারফম্যান্সে অংশ নেবেন বাংলাদেশি শিল্পী আরিফুল কবির।
উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ‘টুগেটার (ঢাকা সংস্করণ)’ শিরোনামে পারফরম্যান্সে অংশ নেবেন করাকৃত অরুনাদ্ধচল এবং অ্যালেক্স ভোজিও।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাজানো হয়েছে একটি বিশেষ প্রদর্শনী।
জাতীয় চিত্রশালার প্রথম তলায় ‘লাইটিং দ্য ফায়ার অব ফ্রিডম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শিরোনামে এই প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই। সেখানে থাকবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক আলোকচিত্রের বিশাল সংগ্রহ।
সামিটে চিত্রশিল্পী বিশ্বজিৎ গোস্বামীর তত্ত্বাবধানে ‘রুটস’ বা ‘শেকড়’ শিরোনামে এক বিশেষ প্রদর্শনী রয়েছে এবারকার আয়োজনে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, পটুয়া কামরুল হাসানসহ দেশের চিত্রকলা শিক্ষাদানে অবদান রেখেছেন-এমন শিল্পীদের জীবনকর্ম তুলে ধরা হবে সেই বিশেষ প্রদর্শনীতে।
ঢাকা আর্ট সামিটে থাকবে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ফ্রান্স, ইতালি, ইরান, শ্রীলঙ্কা, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে বিভিন্ন আর্ট প্রজেক্ট। থাকছে দেশ-বিদেশে শিল্প-সমালোচক, শিল্প-সংগ্রাহকদের অংশগ্রহণে আছে সেমিনার, সিম্পোজিয়াম, একক ও দলবদ্ধ বক্তৃতা।
সামদানী আর্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ১২ জন বাছাইকৃত শিল্পীর সমন্বয়ে ‘সামদানী আর্ট অ্যাওয়ার্ড’ প্রর্দশনীও থাকছে এবারকার আয়োজনে, যার অংশীদারিত্বে থাকবে যুক্তরাজ্যভিত্তিক ডেলফিনা ফাউন্ডেশন।
এবার অ্যাওয়ার্ডের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন- আরিফুল কবির, আশফিকা রহমান, ফাইহাম ইবনে শরীফ, হাবিবা নওরোজ,
নাজমুন নাহার কেয়া, পলাশ ভট্টাচার্যী, প্রমতি হোসেন, সোমা সুরভী জান্নাত, সৌনক দাস, সুমনা আক্তার, তাহিয়া ফারহিন হক ও জিহান করিম।
সামিটে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের ১২টি আর্টিস্ট গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়েছে। গ্রুপগুলোর মধ্যে আর্টপ্রো, ব্যাক আর্ট, চারুপীঠ, আকালিকো, গিদরি বাউলি, হিলস আর্টিস্ট গ্রুপ, যথাশিল্প, সাঁকো, শনি মঙ্গল, আড্ডা অন্যতম।
এবারের ঢাকা আর্ট সামিটের সার্বিক দায়িত্বে আছেন সামদানী আর্ট ফাউন্ডেশনের পরিচালক নাদিয়া সামদানী।
দেশি-বিদেশি ৩২ জন কিউরেটরের সমন্বয়ে গঠিত ঢাকা আর্ট সামিটের চিফ কিউরেটরের দায়িত্ব পালন করছেন সামদানী আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর ডায়না ক্যাম্পবেল বেটানকোর্ট, সঙ্গে থাকবেন রুক্সমিনি আর কিউ চৌধুরী এবং তেরাসা আলবর।
প্রদর্শনীর মূল প্রবেশপথ প্রায় চারশো মিলিয়ন বছরের ফসিলের আদলে বানানো হয়েছে।
এই প্রদর্শনী উপভোগ করতে কোনও টিকিট বা পাসের প্রয়োজন হবে না। সবার জন্য উন্মুক্ত। সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে যে কেউ প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন কোনো নিবন্ধন ছাড়াই।
