২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ প্রশিক্ষণ: ভারতীয় কোস্টগার্ডের দুই জাহাজ বাংলাদেশে

পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণের অংশ হিসাবে বাংলাদেশে এসেছে ভারতীয় কোস্টগার্ডের দুটি জাহাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 07:52 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় কোস্টগার্ড জাহাজ ’আইসিজিএস সুজয়’ এবং ’আইসিজিএস সরোজিনী নাইডু’ সোমবার মোংলা বন্দরে পৌঁছায়।

আইসিজিএস সুজয় প্রাথমিকভাবে ভারতের সামুদ্রিক অঞ্চলের সার্বক্ষণিক আবহাওয়া পর্যবেক্ষণ এবং সমন্বিত হেলিকপ্টার পরিচালনায় সক্ষম।

২০১৭ সালের ২৭ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ডে যুক্ত হয় ১০৫ মিটার দৈর্ঘ্যের এই সামুদ্রিক টহল জাহাজ।

অন্যদিকে, ৫০ মিটার দীর্ঘ টহল জাহাজ আইসিজিএস সরোজিনী নাইডু ভারতীয় কোস্টগার্ডে যুক্ত হয় ২০০২ সালের নভেম্বরে।

ওয়াটারজেট প্রপালশন সিস্টেম যুক্ত এ নৌযান টহল, অনুসন্ধান ও উদ্ধার, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী অভিযান, জেলেদের সুরক্ষা এবং বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রজাতি রক্ষার জন্য তৈরি হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

হাই কমিশন বলছে, আগামী তিন দিন দুই দেশের কোস্টগার্ড সদস্যরা মতবিনিময় করার পাশাপাশি দূষণ প্রতিরোধের মতো পারস্পরিক আগ্রহের ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণ নেবে।

”এই মিথস্ক্রিয়া দুই বাহিনীর মধ্যে বৃহত্তর সমন্বয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং এর ফলে উভয় দেশের সামুদ্রিক সুরক্ষা বৃদ্ধি পাবে।”

২০১৫ সালে দুই বাহিনীর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী এই যৌথ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।