২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা ব্যবস্থাপনা: শান্তিপূর্ণ সহাবস্থানে জোর দিতে বললেন স্পিকার

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে ‘শান্তিপূর্ণ সহাবস্থান’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 09:59 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

সভায় স্পিকার বলেন, “রোহিঙ্গা ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি গুরুত্ব দিতে হবে। বিভিন্ন সমস্যা বিবেচনায় রেখে সম্প্রীতি বজায় রাখার জন্য স্থানীয় জনসাধারণের দুর্ভোগের বিষয়টিও ভাবতে হবে।”

২০১৭ সালের ২৫ অগাস্টের পর থেকে সোয়া সাত লাখ রোহিঙ্গার আগমনে হঠাৎ করেই কক্সবাজার এলাকার জনসংখ্যা বেড়ে গেছে অনেক। উখিয়া ও টেকনাফে স্থানীয় জনগোষ্ঠীর তুলনায় রোহিঙ্গাদের সংখ্যা এখন দ্বিগুণ।

খুব অল্প সময়ের মধ্যে স্রোতের মতো আসা রোহিঙ্গাদের চাপে স্থানীয়দের কাজের ক্ষেত্র সঙ্কুচিত হয়েছে। কৃষিকাজ ও মাছ ধরা একপ্রকার বন্ধ। রোহিঙ্গাদের অনেকের অপরাধ প্রবণতা এবং নিরাপত্তার কড়াকড়িতেও এলাকার মানুষের মধ্যে তৈরি হচ্ছে ক্ষোভ।

মিয়ানমার থেকে বিতাড়িত এই শরণার্থীদের সাদরে গ্রহণ করে, খাবার আর আশ্রয় দিয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল কক্সবাজারের মানুষ। কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ হওয়ায় মানুষের মধ্যেই উদ্বেগ আর রোহিঙ্গাবিরোধী মনোভাব বাড়ছে।

স্পিকার বলেন, “মিয়ানমারে নির্যাতিত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বিশ্বে বিরল। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি সুন্দর জীবন সুরক্ষিত করতে ইতোমধ্যে পরিকল্পিত ব্যবস্থাপনা ও সেবা নিশ্চিত করেছে সরকার।”

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে পরিবেশগত ক্ষতির দিক তুলে ধরে শিরীন শারমিন বলেন, “পাহাড় কেটে আবাসস্থল তৈরি ও অন্যান্য কারণে পরিবেশগত ক্ষতি, স্থানীয় জনগণের সাথে রোহিঙ্গাদের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।”

দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিরাপদ ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করারও পরামর্শ দেন স্পিকার।

তিনি বলেন, “স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রয়াসের কারণে অপ্রীতিকর ঘটনা ছাড়াই দীর্ঘ সময় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে। এই পরিবেশ অব্যাহত রাখতে সকলকে সতর্কতার সাথে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

পরে তিনি প্রতিবন্ধীদের বিদ্যালয় ‘অরুণোদয়’ পরিদর্শন করেন এবং প্রতিবন্ধীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

জেলা প্রশাসক কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, সাইমুম সরোয়ার কমল, আশেকউল্লাহ রফিক, শাহীন চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা সভায় যোগ দেন।