শিল্পের জমির নামজারি ৭ দিনে করার নির্দেশ ভূমিমন্ত্রীর
শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে কেনা জমির নামজারি যেন সাত দিনের মধ্যে করা যায়, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সোমবার সচিবালয়ে বিভিন্ন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলার অতিরিক্ত জেলা প্রশাসকদের (রাজস্ব) সঙ্গে ভূমি সেবা হটলাইন ১৬১২২ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, লিমিটেড কোম্পানি অথবা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য কোনো বিনিয়োগকারী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় জমি কিনলে সাত দিনের মধ্যে যদি নামজারি করার সুবিধা দেওয়া যায়, তাহলে দেশি-বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে।
হটলাইন ১৬১২২ উদ্বোধনের পর দুই মাসে ৩ হাজার ৬১টি অভিযোগ পাওয়া গেছে এবং তার মধ্যে ১ হাজার ২৩৬টির নিষ্পত্তি করা হয়েছেবলে জানান সাইফুজ্জামান।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আরও দ্রুত অভিযোগ নিষ্পত্তি করার বিষয়েও নির্দেশনা দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্থানীয় পর্যায়ে নির্মাণাধীন ভূমি অফিসগুলো নিয়মিত মনিটরিং করতে কর্মকর্তাদের নির্দেশ দেন।
অন্যদের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ, প্রদীপ কুমার দাস ও মো. আবদুল হক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
