২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠাল গাছ বেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার চেষ্টাকারী যুবক কারাগারে

দেয়াল টপকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢোকার চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2019, 08:04 PM

Updated : 08 Apr 2022, 05:15 PM

এই যুবকের নাম শেখ রাসেল (২০)। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার মঙ্গলসিদ্ধ পূর্বপাড়া গ্রামে।

গত ২২ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন ও চার নম্বর ফটকের মাঝামাঝি কাঁঠাল গাছে উঠে ভেতরে ঢোকার সময় রাসেল ধরা পড়েন।

ওই ঘটনায় তেজগাঁও থানার এএসআই মো. মিজানুর রহমান বাদী হয়ে ২৬ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলায় আদালতের মাধ্যমে হেফজতে নিয়ে দুদিন তাকে জিজ্ঞাসাবাদ করে তেজগাঁও থানা পুলিশ।

রিমান্ড শেষে সোমবার রাসেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই ফারুক খান।

সেই আবেদনে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী সায় দিলে রাসেলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।