কিশোরকে যৌন নিপীড়ন, রাজধানীতে ইমাম গ্রেপ্তার
যৌন নিপীড়নের অভিযোগে এক কিশোরের দায়ের করা মামলায় মোহাম্মদপুরের এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, মঙ্গলবার রাতে শহীদ পাক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল্লাহ আল হাদিকে (৩২) তারা গ্রেপ্তার করেন।
“শ্যামলীর একটি মাদ্রাসার ছাত্র ১৪ বছর বয়সী এক কিশোর গতকাল ওই ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে রাতে হাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।”
“মাদ্রাসার এক শিক্ষকের মাধ্যমে ওই কিশোর সাহায্যের আশায় সোমবার দুপুরে শহীদ পাক জামে মসজিদের ইমামের কাছে যায়। ওইদিন জোহরের নামাজের পরে নামাজে আসা লোকজন তাকে কিছু সাহায্য করে।
“ইমাম হাদি আরো সাহায্য করার কথা বলে মঙ্গলবার ভোরে ওই কিশোরকে যেতে বলে। ফজরের নামাজের পর ওই কিশোরকে ইমাম তার রুমে নিয়ে যায়। পরে শরীর মালিশ করার নামে জোর করে সে যৌন নির্যাতন চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।”
