বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিতে আইনমন্ত্রীর আহ্বান
মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতিকে জনপ্রিয় করতে জেলা জজদের উদ্যোগী হতে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সরকারি আইন সেবা ও সুশাসন শক্তিশালীকরণ বিষয়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এডিআর পদ্ধতিতে নিষ্পত্তি মামলার চিত্র তুলে ধরে বলেন, “যে পরিমাণ বিরোধ মামলা দায়েরের পূর্বেই প্রি-কেইস মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, সে পরিমাণ বিরোধ মামলা দায়েরের পর অর্থাৎ পোস্ট-কেইস মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে না।
“আমাদের আদালতগুলোতে লাখ লাখ দেওয়ানী মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। যেহেতু লিগ্যাল এইড অফিসারদেরকে বিচারাধীন দেওয়ানী মামলা মেডিয়েশনের মাধ্যমে নিষ্পত্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে তাই দেওয়ানী আদালতগুলো যাতে নিয়মিতভাবে বিচারাধীন মামলাসমূহ আপস-মীমাংসার জন্য লিগ্যাল এইড অফিসারদের কাছে পাঠায় সে বিষয়ে আপনাদের কার্যকর উদ্যোগ নিতে হবে।”
সম্মেলনে সারাদেশের জেলা ও দায়রা জজরা অংশ নেন। তারাই জেলা লিগ্যাল এইড কমিটিগুলোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে পৃথিবীর অনেক দেশে এডিআর পদ্ধতিতে বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হচ্ছে জানিয়ে আনিসুল হক বলেন, “আমাদের আইনি কাঠামোতে এডিআর পদ্ধতিতে মামলা নিষ্পত্তির সকল ভিত্তি থাকা সত্ত্বেও আমরা কেন ইপ্সিত ফল লাভ করতে পারছি না, তা আমাদেরকেই ভাবতে হবে।”
বিচারকদেরকে এডিআর পদ্ধতিতে মামলা নিষ্পত্তির বিষয়ে উৎসাহিত করতে জেলা জজদের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, “তাদের সংগে নিয়মিত মতবিনিময় করে এডিআর পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে উদ্ভুত সমস্যা চিহ্নিত করবেন এবং তা কিভাবে দূর করা যায়, এসব বিষয়ে আপনাদের উদ্ভাবনী ভাবনাগুলো প্রয়োগ করবেন।”
সরকার লিগ্যাল এইড অফিসারদের এডিআর বিষয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি ভেন এনগুয়েনও বক্তব্য দেন।
