২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলে হাসান আবেদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 11:37 AM

Updated : 18 Aug 2022, 06:17 PM

এক শোক বার্তায় তিনি বলেছেন, “ফজলে হোসেন আবেদের মতো গুণী, সজ্জন, মৃদুভাষী, সুশিক্ষিত ও উদ্যমী মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ায় দেশে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

“স্বাধীনতা সংগ্রামী হিসাবে তিনি দেশ মাতৃকার মুক্তির জন্যে যে ভূমিকা পালন করেছেন, তা দেশবাসীর কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।”

ব্রেন টিউমারে আক্রান্ত ফজলে হাসান আবেদ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

যে কজন বাংলাদেশি তাদের কর্মগুণে বিশ্বজুড়ে পরিচিত, ফজলে হাসান আবেদ তাদের একজন। ১৯৭২ সালে তার হাত ধরে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের সবচেয়ে বড় এনজিও।

দারিদ্র্য বিমোচনে স্যার আবেদের ভূমিকার কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের এক দুর্জয় সেনাপতি ফজলে হোসেন আবেদ দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে নতুন পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছিলেন। চার দশক ধরে তার অভূতপূর্ব নেতৃত্বে গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘ মেয়াদী নানা কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করেছে ব্র্যাক। জনস্বাস্থ্য ক্ষেত্রে তার বিশেষ অবদান সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।”

ফখরুল তার শোকবার্তায় ফজলে হোসেন আবেদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।