আজিমপুর মাতৃসদনের তত্ত্বাবধায়কসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাড়তি দামে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে সরকারের পাঁচ কোটি ২১ লাখ টাকা আত্মসাতের মামলায় আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক ইসরাত জাহানসহ ২৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক আবুবকর সিদ্দিক বুধবার ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে তাদের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার চিঠি পাঠান জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
দুদক কার্যালয়ে দায়ের করা মামলায় ১৭ চিকিৎসক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আরও আটজনকে আসামি করা হয়।
অপর আসামিরা হলেন- পরিবারকল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য পারভীন হক চৌধুরী, মাতৃসদনের সাবেক সিনিয়র কনসালট্যান্ট ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য মাহফুজা খাতুন, সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য চিন্ময় কান্তি দাস, সাবেক মেডিক্যাল অফিসার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাইফুল ইসলাম, মেডিক্যাল অফিসার (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য মাহফুজা দিলারা আকতার।
মাতৃসদনের মেডিক্যাল অফিসার ও বাজারদর যাচাই কমিটি সদস্য নাজরিনা বেগম, প্রশাসনিক কর্মকর্তা ও বাজারদর যাচাই কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম, পরিবারকল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য জেবুন্নেসা হোসেন, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও বাজারদর যাচাই কমিটির সভাপতি রওশন হোসনে জাহান, মাতৃসদনের সাবেক সহকারী কো-অর্ডিনেটর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর খান, মেডিক্যাল অফিসার ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য রওশন জাহান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হালিমা খাতুন, মাতৃসদনের বিভাগীয় প্রধান (শিশু) ও বাজারদর যাচাই কমিটির সদস্য মো. আমীর হোছাইন, সাবেক সমাজসেবা কর্মকর্তা ও বাজারদর যাচাই কমিটির সদস্য মোছা. রইছা খাতুন ও সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী গোলাম আহসান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) নাদিরা আফরোজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. নাছের উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা বিলকিস আক্তার ও মেডিক্যাল অফিসার আলেয়া ফেরদৌসিকে আসামি করা হয়।
ঠিকাদারদের মধ্যে যাদের আসামি করা হয়েছে তারা হলেন, মনার্ক এস্টাব্লিশমেন্টের মালিক মো. ফাতে নূর ইসলাম, মেসার্স নাফিসা বিজনেস কর্নারের মালিক শেখ ইদ্রিস উদ্দিন (চঞ্চল) ও সান্ত্বনা ট্রেডার্সের মালিক নিজামুর রহমান চৌধুরী।
এহাজারে বলা হয়, আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ২০১৪-১৫ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত সময়ে বিভিন্ন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে দুদক।
২০১৪-১৫ অর্থবছরে কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারকে ওষুধ সরবরাহের বিপরীতে ৩২ লাখ ৯১ হাজার ৭২০ টাকার বিল পরিশোধ করা হয়। অথচ খুচরা মূল্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের মূল্য অনুযায়ী ওই একই ওষুধের সর্বোচ্চ মূল্য ১৬ লাখ ৪৫ হাজার ২৯৮ টাকা। বাকি টাকা অতিরিক্ত দেওয়া হয়েছে। এভাবে চার অর্থবছরে একই প্রক্রিয়ায় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এহাজারে বলা হয়েছে।
